জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের নেতৃত্বে আরিফ ও ইব্রাহিম
“আমাদের এই কমিটিতে শুধু সভাপতি সেক্রেটারি পরির্তন এসেছে অন্যান্য সেটআপ আগের মতই থাকবে।"
চলতি বছরের অবশিষ্ট সময়ের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুল আলিম আরিফ; তার সঙ্গে সেক্রেটারি হিসেবে ইব্রাহিম খলিলকে মনোনীত করা হয়েছে।
রোববার সংগঠনটির সদস্য সমাবেশে প্রত্যক্ষ ভোটে এ কমিটি গঠন করার কথা সংগঠনটির এক ফেইসবুক পোস্টে জানানো হয়।
নবনির্বাচিত সভাপতি আব্দুল আলিম আরিফ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি প্রশাসন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি গত কমিটিতে সংগঠনটির সাধারণ সম্পাদক (জিএস) হিসেবে দায়িত্ব পালন করেন। আরিফ জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) সেক্রেটারি হিসেবেও দায়িত্ব পালন করছেন।
আর বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের নতুন সেক্রেটারি ইব্রাহিম খলিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি গত কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং জকসুর নির্বাচিত শিক্ষা ও গবেষণা সম্পাদক হিসেবে দায়িত্বে আছেন।
আব্দুল আলিম আরিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের সেটআপ সাধারণত বছরের শুরুতে কিংবা ষান্মাসিকে পরিবর্তন হয় এবং কমিটির মেয়াদ সাধারণত এক বছর থাকে। তবে কেদ্র যদি মনে করে রাখা দরকার তবে এক বছরের বেশি থাকে আর যদি মনে করে পরিবর্তন দরকার তবে এক বছরের আগেই নতুন সেট আপ দেওয়া হয়।
"আর আমাদের এই কমিটিতে শুধু সভাপতি সেক্রেটারি পরির্তন এসেছে অন্যান্য সেটআপ আগের মতই থাকবে।"
কেন্দ্রীয় ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগাহ, কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক মুতাসীম বিল্লাহ শাহেদী, সাবেক জবি শিবির সভাপতি ফয়সাল আমিন, ইকবাল হোসেন, আসাদুল ইসলাম সহ সংগঠনটির সদস্যরা সদস্য সমাবেশে উপস্থিত ছিলেন।
