নয়া পল্টনে ‘বিজয়ের সমাবেশে’ মিলেছে বিএনপি
লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।
ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর ঢাকার নয়া পল্টনে প্রথমবারের সমাবেশে মিলিত হয়েছেন বিএনপি নেতাকর্মীরা, যেখানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার বেলা ২টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হাজারো নেতা-কর্মীর উপস্থিতিতে এই সমাবেশ শুরু হয় কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে। সমাবেশের শুরুতেই শিক্ষার্থীদের আন্দোলনসহ গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের আত্মর মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
কাকরাইল থেকে শুরু করে ফকিরাপুল মোড় পর্যন্ত হাজার হাজার মানুষের উপস্থিতিতে সমাবেশ জনসমুদ্রের রূপ নেয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে সমাবেশের শুরুতে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।
সদ্য কারা মুক্ত স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ কয়েকশ কেন্দ্রীয় নেতা যোগ দিয়েছেন সমাবেশে।
৫ অগাস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার মধ্য দিয়ে তার সরকারের পতন ঘটে। শেখ হাসিনা সেদিনই বোন শেখ রেহানাকে নিয়ে দেশত্যাগ করে দিল্লিতে চলে যান।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই সমাবেশ ফ্যাসিবাদী থেকে গণতন্ত্রের পথে বিজয়ের সমাবেশ। লাখো মানুষের উপস্থিতি জানান দিচ্ছে, জাতীয়তাবাদী শক্তি এদেশের মানুষের কাছে কত জনপ্রিয়। এই জনপ্রিয়তা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার, এই জনপ্রিয়তা দেশনায়ক তারেক রহমানের।”
লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। আদালতের নিষেধাজ্ঞার কারণে গত কয়েক বছরে তারেক রহমানের বক্তব্য দেশে কোনো সংবাদমাধ্যমে প্রচার করা হয়নি।
কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বসানো মঞ্চে বড় পর্দার ব্যবস্থা রাখা হয়েছে। সেখানেই দেখানো হবে তারেক রহমানের ভিডিও।
সর্বশেষ গতবছরের ১৮ অক্টোবর শেখ হাসিনার পদত্যাগের দাবিতে বিএনপির বিশাল সমাবেশে লন্ডন থেকে তারেক রহমান বক্তব্য দেন এবং সরকারের বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলনের ঘোষণা দেন। তার এই বক্তব্য ওই সময়ে বাংলাদেশের সংবাদমাধ্যমে প্রচার করা যায়নি।
