Published : 22 Jun 2026, 09:47 PM
‘নব্য ফ্যাসিবাদের’ আস্তানা ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দৈনিক প্রথম আলোর কার্যালয়ে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের মামলায় গ্রেপ্তার এনসিপির শ্রমিক সংগঠনের সাবেক কর্মী আনোয়ার হোসেন।
সোমবার এ মামলায় তিন দিনের রিমান্ড আদেশের পর আদালত থেকে কারাগারে নেওয়ার পথে সাংবাদিকদের উদ্দেশে একথা বলেন তিনি।
কারও নাম না নিয়ে আনোয়ার বলেন, “আমরা সঠিক পথে আছি। আওয়ামী লীগের আমলে মামলা খেয়েছি। এখনো মামলা খেতে হচ্ছে। আমরা নব্য ফ্যাসিবাদের আস্তানা ভেঙে দেব।"
মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) এসআই শাহ মিনহাজ উদ্দিন এদিন আনোয়ারকে গ্রেপ্তার দেখানোসহ পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।
এনসিপির অঙ্গ সংগঠন জাতীয় শ্রমিক শক্তির সাবেক কর্মী আনোয়ার হোসেনকে ৩০ মে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার সোনাপুর গ্রামের বাড়ি থেকে আটক করে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা পুলিশে দেয়। সেই থেকে তিনি কারাগারে আছেন।
সোমবার তাকে প্রথম আলোর কার্যালয়ে হামলা, ভাঙচুরের মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। সেখানে বলা হয়, সোনাপুর গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেন বর্তমানে অন্য একটি মামলায় কারাগারে রয়েছেন। হামলার ভিডিও ফুটেজ এবং তদন্তে প্রাপ্ত তথ্য-উপাত্ত পর্যালোচনায় প্রথম আলো কার্যালয়ে হামলার ঘটনায় তার সম্পৃক্ততার বিষয়ে ‘গুরুত্বপূর্ণ সাক্ষ্য-প্রমাণ’ পাওয়া গেছে।
আবেদনে বলা হয়, হামলাকারীদের মধ্যে কয়েকজন সামাজিক যোগাযোগ মাধ্যমে উসকানিমূলক পোস্ট ছড়িয়ে দেয়। এর জেরে ঢাকার বিভিন্ন এলাকা থেকে আরও প্রায় ৩৫০ থেকে ৪৫০ জন সেখানে জড়ো হয়। এক পর্যায়ে তারা কারওয়ান বাজারে প্রথম আলোর কার্যালয়ের গেটের শাটার ও কাচ ভেঙে ভেতরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায়। মামলার তদন্তের স্বার্থে তাকে গ্রেপ্তার দেখানো প্রয়োজন এবং জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডে নেওয়া প্রয়োজন।
ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ শুনানি নিয়ে প্রথমে আনোয়ারকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। এরপর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে রিমান্ড শুনানি হয়।
প্রসিকিউশন বিভাগের এসআই আরিফ রেজা বলেন, আদালত শুনানি শেষে আসামিকে তিন দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।
রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর কার্যালয়ে ২০২৫ সালের ১৮ ডিসেম্বর রাত সোয়া ১১টার দিকে হামলা, ভাঙচুর ও আগুন দেওয়া হয়। ওই ঘটনায় পরে তেজগাঁও থানায় মামলা দায়ের করে প্রথম আলো কর্তৃপক্ষ।