২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনেকে বিএনপির নাম ভাঙিয়ে অনেক কিছু করছেন: রিজভী

“নিজে নিজে আন্দোলন শুরু করে দিলেন; আরও বিএনপির নেতৃবৃন্দ আছেন তারা তো জানেন না,” বলেন তিনি।

অনেকে বিএনপির নাম ভাঙিয়ে অনেক কিছু করছেন: রিজভী
ঢাকার নয়া পল্টনে মহানগর বিএনপির কার্যালয়ে বক্তব্য দেন রুহুল কবির রিজভী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2025, 09:12 PM

Updated : 26 Aug 2026, 01:16 PM

বিএনপির নাম ভাঙিয়ে আন্দোলন করে একটি গোষ্ঠী বিভ্রান্তি সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেছেন, “অনেকে বিএনপির নাম ভাঙিয়েও অনেক কিছু করছেন। এই যে আমরা শুনেছি, ইনকাম ট্যাক্স অফিসে একজন ব্যক্তি বিএনপির নাম ভাঙিয়ে আন্দোলন করছেন। সরকারি অফিসে আন্দোলন করছেন। আজকে চেয়ারম্যানকে সরাচ্ছে, কেন?

“আমি তো জানি না। আপনি নিজে নিজে আন্দোলন শুরু করে দিলেন। এখানে আরও বিএনপির নেতৃবৃন্দ আছেন তারা তো জানেন না। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বিভাগে এই ধরনের একটা সুবিধাভোগী গোষ্ঠী, একটা চক্র নানাভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছে।”

বৃহস্পতিবার ঢাকার নয়া পল্টনে মহানগর বিএনপির কার্যালয়ে এক অনুষ্ঠানে কথা বলছিলেন রিজভী। রথযাত্রা উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট ওই অনুষ্ঠান আয়োজন করে।

রিজভী বলেন, “আবার অনেকে চেষ্টা করছে বিএনপির নামে নতুন করে কিছু করার, আধিপত্য বিস্তার করার। কে কাকে বিভিন্নভাবে অভিযুক্ত করছে, এ ব্যাপারে আপনারা যারা জাতীয়তাবাদী দর্শনে বিশ্বাসী রাজনীতি করেন, তাদের সতর্ক থাকতে হবে।”

সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়ালের আদালতে দেওয়া জবানবন্দির প্রসঙ্গ টেনে এ বিএনপি নেতা বলেন, “তার কথাতেই স্পষ্ট হয়েছে হাসিনার আমলে সব নির্বাচন অবৈধভাবে অনুষ্ঠিত হয়েছিল।”

দ্রুত নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, “আমরা সরকারের সমালোচনা করি, সরকার তো সকল রাজনৈতিক শক্তির সমর্থিত সরকার। তারা সংস্কার করেই দ্রুত নির্বাচন দিবে।”