২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬ আশ্বিন ১৪৩৩

দাবদাহে স্কুল খোলা রাখায় মামলা করা উচিৎ: বিএনপির ফারুক

“সরকারকে বলব, আপনারা সর্বক্ষেত্রে ব্যর্থ। ব্যর্থতার জন্য আপনারা পদত্যাগ করুন, গরীব মানুষকে বাঁচান,” বলেন ফারুক।

দাবদাহে স্কুল খোলা রাখায় মামলা করা উচিৎ: বিএনপির ফারুক
জাতীয় প্রেস ক্লাবে পথচারীদের মাঝে পানি ও খাবার স্যালাইন বিতরণ করেন জয়নুল আবদিন ফারুক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2025, 08:09 PM

Updated : 26 Aug 2026, 09:31 AM

প্রচণ্ড গরমের মধ্যে স্কুল খোলা রাখার সিদ্ধান্তের ‍সমালোচনা করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুক।

তিনি বলেছেন, “এরকম তাপদাহে কেনো স্কুল সরকার খোলা রেখেছে, তার বিরুদ্ধে মামলা করা উচিত। সরকারকে বলব, আপনারা সর্বক্ষেত্রে ব্যর্থ। ব্যর্থতার জন্য আপনারা পদত্যাগ করুন, গরীব মানুষকে বাঁচান।”

মঙ্গলবার দুপুরে রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে পথচারীদের খাবার পানি ও স্যালাইন বিতরণের কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

রোজা, ঈদ, পহেলা বৈশাখ এবং গরম মিলিয়ে লম্বা ছুটি শেষে দেশজুড়ে তাপপ্রবাহের মধ্যেই রোববার খোলে শিক্ষাপ্রতিষ্ঠান। গরমের মধ্যে স্কুলের সময় কমিয়ে সূচিতে পরিবর্তন আনা হয়। সেই সঙ্গে তাপপ্রবাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত প্রাত্যহিক সমাবেশ (অ্যাসেম্বলি) না করার নির্দেশনা দিয়ে স্বাস্থ্য সচেতনতা মেনে চলার পরামর্শ দেওয়া হয় শিক্ষার্থী-অভিভাবকদের।

এপ্রিল জুড়ে চলমান তাপপ্রবাহের মধ্যে দেশের বিভিন্ন জায়গায় হিট স্ট্রোকে মৃত্যুর খবর আসছে। এমন পরিস্থিতিতে স্কুল খোলার সিদ্ধান্তে আপত্তি জানাচ্ছিলেন অভিভাবকদের অনেকে।

রোববার স্কুল খোলার পরই বিভিন্ন স্থানে ক্লাস চলাকালে শিক্ষার্থীদের অসুস্থ হয়ে পড়ার ঘটনায় রাতে ৫ জেলায় মাধ্যমিক ও কলেজ সোমবার ছুটি ঘোষণা করে মন্ত্রণালয়। এদিনই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে ২ মে পর্যন্ত প্রাথমিক, ২৭ জেলার মাধ্যমিক ও কলেজ মঙ্গলবার বন্ধ ঘোষণা করা হয়।

গরমের মধ্যে স্কুল বন্ধ রাখায় সমালোচনা হলেও শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এর পক্ষে কথা বলছেন।

https://media.assettype.com/bdnews24/import/bangla/imgAll/2024April/uploads/zainul-abedin-farroque -300424-02_1714466363.jpg

এদিকে তাপপ্রবাহের মধ্যে রাজধানীতে ওয়াটার ক্যানন দিয়ে পানি ছিটাচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। সে প্রসঙ্গ টেনে বিএনপি নেতা ফারুক বলেন, “ঢাকা উত্তরের সিটি মেয়র, কয়েক টন পানি ছিটিয়ে আপনি বাংলাদেশের মানুষকে শীতল করতে পারবেন না। বাংলাদেশের ২১ কোটি মানুষ আজবে আগুনের মত জ্বলে উঠেছে আপনাদের অবিচারের কারণে।

“লুট করবেন আপনারা, অবৈধ কাজ করবেন আপনারা, আর তার প্রভাব পড়বে বাংলাদেশের নিরীহ মানুষের ওপরে, এটা হতে পারে না। আল্লাহ এগুলো সহ্য করবে না।”

‘অস্তিত্বের সংকট আওয়ামী লীগের’

‘বিএনপি অস্তিত্বের সংকটে পড়েছে’ মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দেওয়া বক্তব্যের জবাবে সাবেক বিরোধী দলের চিফ হুইপ বলেন, “জনাব ওবায়দুল কাদের সাহেব, তীব্র তাপদাহে মানুষের মধ্যে পানি বিতরণ করুন, মানুষকে রক্ষা করুন। ঘরে বসে শুধু উপজেলা নির্বাচন নিয়ে কথা বললে চলবে না। আপনারা বারে বারে একতরফা নির্বাচন করে যাবেন, এটা জনগণ মানে না।

“আর আপনি বিএনপিকে নিয়ে বলবেন, ‘বিএনপির অস্তিত্বের সংকট’। এটা ঠিক না। বিএনপির কোনো অস্তিত্বের সংকট নাই। অস্তিত্বের সংকট আওয়ামী লীগের। একতরফা নির্বাচন করে তারা এই সংকটে পড়েছে। কারণ তারা একটা সুষ্ঠু নির্বাচন দিতে পারে না, তারা জনগণের ভয়ে দিনের ভোট রাতে করে, তারা ১৫৪ জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন করে, তাদের অস্তিত্বে টিকে থাকবে না।”

জিয়াউর রহমান সমাজ কল্যাণ ফোরাম আয়োজিত কর্মসূচিতে বিএনপির শিশু বিষয়ক সম্পাদক আবদুল কালাম আজাদ সিদ্দিকী, সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব কাদের গণি চৌধুরী, উলামা দলের সাবেক সভাপতি মাওলানা শাহ নেছারুল হক, ফোরামের সভাপতি মনজুর রহমান ভুঁইয়া, যুগ্ম সম্পাদক সোহেল রানা ও সাংগঠনিক সম্পাদক এইচ এম স্বপন রানা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন-

সব প্রতিষ্ঠান খোলা, স্কুল কেন বন্ধ থাকবে: শিক্ষামন্ত্রী

শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখতে আদালতে যেতে চান শিক্ষামন্ত্রী

দাবদাহ: ২ মে পর্যন্ত প্রাথমিক, ২৭ জেলার মাধ্যমিক ও কলেজ মঙ্গলবার বন্ধ