প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির দুই দিনের কর্মসূচি
১ সেপ্টেম্বর বিকালে নয়া পল্টনের কার্যালয়ের সামনে থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা করবেন বিএনপি নেতাকর্মীরা।
প্রতিষ্ঠার ৪৪ বছর উদযাপনে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
মঙ্গলবার বিকালে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
কর্মসূচির প্রথম দিন, অর্থ্যাৎ ১ সেপ্টেম্বর দুপুর ১২টায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণ করা হবে। বিকাল ৩টায় নয়া পল্টনের কার্যালয়ের সামনে থেকে হবে প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা। পরদিন ২ সেপ্টেম্বর হবে আলোচনা সভা।
১৯৭৫ সালের ১৫ অগাস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার পর নানা ঘটনাপ্রবাহের মধ্যে মেজর জেনারেল জিয়াউর রহমান সেনাপ্রধান হন।
৭ নভেম্বরের সামরিক অভ্যুত্থানের পর তিনি শাসন ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসেন; ১৯৭৬ সালের ২৯ নভেম্বর তিনি হন প্রধান সামরিক আইন প্রশাসক।
সামরিক আইন প্রশাসক থাকা অবস্থায় জিয়াউর রহমানের পৃষ্ঠপোষকতায় ১৯৭৮ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল (জাগদল) নামে একটি ডানপন্থি রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠিত হয়। তবে সে দল তখন দেশের রাজনীতিতে নাড়া দিতে পারেনি।
ওই বছর ১ মে জিয়াউর রহমানকে চেয়ারম্যান করে আনুষ্ঠানিকভাবে 'জাতীয়তাবাদী ফ্রন্ট' ঘোষণা করা হয়। সেনাবাহিনী প্রধানের পদে থেকে পুরাদস্তুর রাজনীতিবিদ বনে যান জিয়া। ৩ জুন নির্বাচন দিয়ে ওই 'জাতীয়তাবাদী ফ্রন্ট' থেকে প্রার্থী হয়ে তিনি ‘নির্বাচিত’ রাষ্ট্রপতি হন।
নির্বাচনের তিন মাসের মাথায় ১৯৭৮ সালের ১লা সেপ্টেম্বর ঢাকার রমনা রেস্তোরাঁয় এক সংবাদ সম্মেলনে জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠার আনুষ্ঠানিক ঘোষণা দেন।
১৯৮১ সালের ৩০ মে এক সামরিক অভ্যুত্থানে নিহত হওয়ার আগ পর্যন্ত জিয়া রাষ্ট্র ক্ষমতায় ছিলেন। ২০১০ সালে সপ্তম সংশোধনী বাতিলের রায়ে জিয়ার ক্ষমতাগ্রহণকে অবৈধ ঘোষণা করে উচ্চ আদালত।
সংবাদ সম্মেলনে বিএনপি নেতা রিজভী বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর দিন ভোরে কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হবে। দিবসটিকে সামনে রেখে পোস্টার প্রকাশ করা হয়েছে।
“কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি সারাদেশে মহানগর ও জেলা ইউনিটগুলোর নেতা-কর্মীদেরও স্থানীয় সুবিধা অনুযায়ী আলোচনা সভা, র্যালির মাধ্যমে যথাযোগ্য মর্যাদার সাথে দিবসটি পালন করতে বলা হয়েছে।”
এছাড়া ৩০ অগাস্ট ‘আন্তর্জাতিক গুম দিবস’ উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর বিএনপির উদ্যোগে নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মানববন্ধন হবে বলে জানান রিজভী।
বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
