ডাকসুর ভোট স্থগিতের খবরে ঢাবিতে বিক্ষোভ
“আমরা জানি, কারা নির্বাচনকে ভয় পায়। ৯ সেপ্টেম্বর নির্বাচন হবে এবং শিক্ষার্থীরা তাদের লাল কার্ড দেখাবে,” বলেন ছাত্রশিবির মনোনীত জিএস প্রার্থী ফরহাদ।
উচ্চ আদালতের আদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত হয়ে যাওয়ার প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করেছেন শিক্ষার্থীরা।
হাই কোর্টের আদেশের খবর পৌঁছানোর পর সোমবার বিকালে তাৎক্ষণিকভাবে এই বিক্ষোভ নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবনের সামনে আসেন তারা। সেখানে জড়ো হয়ে বিক্ষোভ করছেন তারা।
হলগুলো থেকে মিছিল আসার আগে কয়েকজন নেতাকর্মী নিয়ে উপাচার্য ভবনের সামনে অবস্থান নেন ছাত্র অধিকার পরিষদ প্যানেলের ভিপি প্রার্থী বিন ইয়ামিন মোল্লা।
বিক্ষোভ থেকে ‘হাই কোর্ট না ডাকসু, ডাকসু ডাকসু’, ‘প্রহসনের হাই কোর্ট, মানি না মানব না’, ‘ডাকসু আমার অধিকার, এই অধিকার দিতে হবে’, ‘ডাকসু নিয়ে ষড়যন্ত্র, মানি না মানব না’, ‘ডাকসু আমার অধিকার, রুখে দেয় সাধ্য কার’ প্রভৃতি স্লোগান দিচ্ছেন তারা।
যে প্যানেলের প্রার্থী ফাহমিদার রিটে ডাকসু ভোট স্থগিত হয়েছে, সেই ‘অপরাজেয় ৭১, অদম্য ২৪’ প্যানেলও ক্যাম্পাসে বিক্ষোভ করেছে। তাদের মিছিল থেকেও একই ধরনের স্লোগান দিতে দেখা যায়।
বিন ইয়ামিন মোল্লা বলেন, একটি গোষ্ঠী চায়নি ডাকসু নির্বাচন হোক। তারা নির্বাচন বানচালে ক্যাম্পাসে হাতবোমা বিস্ফোরণ করেছিল, হল কমিটি দিয়ে ক্যাম্পাসে অস্থিতিশীল করার চেষ্টা করেছিল। এখন তারা হাই কোর্টকে প্রভাবিত করে নির্বাচন বানচালের চেষ্টা করছে।”
তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় ৪০ হাজার শিক্ষার্থী ডাকসু নিয়ে উৎসব করছে। ডাকসু শুধু একটা নির্বাচনের বিষয় না। ডাকসু আমাদের শিক্ষার্থীদের অধিকারের বিষয়।
“এর মধ্যে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করা হচ্ছে। ডাকসু বন্ধ করে ক্যাম্পাসে দখলদারিত্ব প্রতিষ্ঠার চক্রান্ত করা হচ্ছে।”
ডাকসু স্থগিতের খবরে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরসহ আরও কয়েকটি ছাত্র সংগঠন খণ্ড খণ্ড মিছিল করে।
ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল শুরু করেন কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে। সংগঠনটির নেতাকর্মীরা পরে অপরাজেয় বাংলার পাদদেশে জড়ো হন।
ডাকসু ভবনের সামনে থেকে ভিপি প্রার্থী উমামা ফাতেমার নেতৃত্বেও মিছিল বের হয়। তারা মিছিল নিয়ে কলাভবনের সামনে দিয়ে টিএসসির দিকে যান।
উমামা ফাতেমা বলেন, "ডাকসু নির্বাচন যথা সময়েই হতে হবে। কোনো ষড়যন্ত্রই নির্বাচন বন্ধ করতে পারবে না।"
মিছিল নিয়ে উপাচার্য ভবনের উদ্দেশে রওনা হওয়ার আগে আগে ডাকসু ভবনের সামনে তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে ছাত্রশিবির মনোনীত জিএস প্রার্থী এস এম ফরহার বলেন, "ডাকসু নির্বাচন যথা সময়ে হবে। আমরা জানি, কারা নির্বাচনকে ভয় পায়। ৯ সেপ্টেম্বর নির্বাচন হবে এবং শিক্ষার্থীরা তাদের লাল কার্ড দেখাবে।”
ভিপি প্রার্থী সাদিক কায়েম বলেন, “ডাকসু নির্বাচন ৯ সেপ্টেম্বরই হবে এবং যারা নির্বাচন বন্ধ করতে চায়, শিক্ষার্থীরা তাদের বিরুদ্ধে অবস্থান নেবে।”
ডাকসুর ভোট স্থগিতের খবরে তাৎক্ষণিক সংবাদ সম্মেলন করে ‘বৈষম্যবিরোধী ছাত্র সংসদও’।
ডাকসু ভবনের সামনে সংবাদ সম্মেলনে এ প্যানেলের ভিপি প্রার্থী আব্দুল কাদের বলেন, "ডাকসুকে বানচাল করার জন্য নানা ষড়যন্ত্র করা হয়েছে। ডাকসুতে শিক্ষার্থীরা যেন নিরৎসাহিত হয়, তার সব ম্যাকানিজম করা হয়েছে। শিক্ষার্থীদের বলতে চাই, সব ষড়যন্ত্রকে লাল কার্ড দেখিয়ে আপনরা ডাকসু নির্বাচনে আগ্রহী হোন। ডাকসুকে কার্যকর করতে হবে। ডাকসু শিক্ষার্থীদের অধিকারের জায়গা।
"আমরা যে আশঙ্কার কথা বলে আসছি, সেই আশঙ্কা আজ দৃশ্যমান হয়েছে। ডাকসু বানচাল করার চেষ্টা করা হচ্ছে।"
জিএস প্রার্থী আবু বাকের মজুমদার বলেন, "ডাকসুকে বন্ধ করার জন্য যে ষড়যন্ত্র হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেই ষড়যন্ত্রকে 'লাল কার্ড' দেখিয়েছেন। ভোটার, প্রার্থীরা সবাই একমত, আমরা সবাই ডাকসু চাই।"
বিক্ষোভ চলার মধ্যেই অবশ্য হাই কোর্টের স্থগিতাদেশ আটকে দেয় সুপ্রিম কোর্ট।
ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আবেদনে আপিল বিভাগের চেম্বার আদালত সোমবার বিকালে হাই কোর্টের ওই আদেশ স্থগিত করে দেয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, চেম্বার আদালতের এ আদেশের ফলে ডাকসু নির্বাচন প্রক্রিয়া চলতে কোনো বাধা থাকল না।
