২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যেখানেই যাই ‘তারা বলছে’ দেশটা বিক্রি করে দিচ্ছি: পররাষ্ট্রমন্ত্রী

“বিএনপির কাছে আমার প্রশ্ন, দেশটাকে কয়বার বিক্রি করা যায়,” বলেন তিনি।

যেখানেই যাই ‘তারা বলছে’ দেশটা বিক্রি করে দিচ্ছি: পররাষ্ট্রমন্ত্রী
চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে শনিবার বিএফইউজের অনুষ্ঠানে বক্তব্য দেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2024, 10:54 PM

Updated : 26 Aug 2026, 09:56 AM

সব দেশের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক দেখে বিএনপির ‘গাত্রদাহ হচ্ছে’ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ।

তিনি বলেছেন, “সব দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেই আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই, সেই নীতিটাই আমাদের প্রধানমন্ত্রী অনুসরণ করে চলেছেন অত্যন্ত সফলভাবে।

“সবার সঙ্গে দেশের সুসম্পর্ক দেখে বিএনপির গাত্রদাহ হচ্ছে, সেজন্য তারা উল্টাপাল্টা কথা বলা শুরু করেছে। ভারত থেকে (প্রধানমন্ত্রীর ভারত সফর) আসার পর বিএনপি বলতে শুরু করেছে, আমরা নাকি দেশটা ভারতের কাছে বিক্রি করে দিয়েছি। এখন চীন থেকে আসার পর তারা বলে কিনা, চীনের কাছেও দেশটা বিক্রি করে দিয়েছি। যেখানেই যাই তারা বলছে দেশটাকে বিক্রি করে দিচ্ছে। বিএনপির কাছে আমার প্রশ্ন, দেশটাকে কয়বার বিক্রি করা যায়।”

শনিবার রাতে চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) চট্টগ্রাম বিভাগের এক অনুষ্ঠানে কথা বলছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ।

তিনি বলেন, “আমাদের পররাষ্ট্রনীতি হচ্ছে সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়। আমরা অত্যন্ত সফলভাবে সেটি করে চলেছি। আমাদের প্রধানমন্ত্রী ভারত সফরে গিয়েছিলেন সেখান থেকে এসে কিছুদিনের বিরতিতে তিনি এখন চীন সফরে যাচ্ছেন। 

"আমাদের সঙ্গে ভারতের যেমন অত্যন্ত চমৎকার সম্পর্ক, চীনের সঙ্গেও আমাদের অত্যন্ত ভালো সম্পর্ক। আমাদের সঙ্গে রাশিয়ার যেমন অত্যন্ত চমৎকার সম্পর্ক, একইসঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গেও আমাদের অত্যন্ত চমৎকার ও ভালো সম্পর্ক।”

পররাষ্ট্রমন্ত্রী বলেন, “রিজভী সাহেব কী বলল, গয়েশ্বর বাবু কী বলল, শিক্ষিত হয়েও মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব অশিক্ষিতের মত কথা বললেও তাতে কিছু যায় আসে না। আমরা আমাদের রাষ্ট্রের মর্যাদা রক্ষা করে, সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই, আমাদের প্রধানমন্ত্রী সেটিই করে চলেছেন।”

অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী, প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, বিএফইউজের সভাপতি ওমর ফারুক ও যুগ্ম মহাসচিব মহসীন কাজী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।