সরকার সব দলের কথা শোনেনি: ইমাম হায়াত
“নির্বাচন ঘিরে নানারকম ষড়যন্ত্র, সন্ত্রাস ও বিগত স্বৈরাচারগুলোর দলীয় গুন্ডাতান্ত্রিক সন্ত্রাসের আশঙ্কা দেখা দিয়েছে,” বলেন তিনি।
সরকার বিভিন্ন বিষয়ের আলোচনায় সব নিবন্ধিত রাজনৈতিক দলকে ‘ডাকেনি’ বলে অভিযোগ তুলেছেন বিশ্ব ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত।
তিনি বলেছেন, “সরকার সবার সঙ্গে আলোচনা না করে, সবার কথা না শুনে কয়েকটি দলের সঙ্গে বৈঠক করেছে, যা উচিত হয়নি।”
আগ্রাবাদের হাজীপাড়ায় দলটির চট্টগ্রাম জেলা কার্যালয়ে শুক্রবার বিকালে প্রতিনিধি সম্মেলনে তিনি এ কথা বলেন।
জনপ্রতিনিধিত্বশীল সরকার গঠনে পক্ষপাতমুক্ত ও দলনিরপেক্ষ নির্বাচনি সরকার প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
ইমাম হায়াত বলেন, “দেশ রক্ষায় সঠিক নির্বাচনের প্রয়োজন। আগামী নির্বাচন ঘিরে নানারকম ষড়যন্ত্র, সন্ত্রাস ও বিগত স্বৈরাচারগুলোর দলীয় গুন্ডাতান্ত্রিক সন্ত্রাসের আশঙ্কা দেখা দিয়েছে।”
তিনি বলেন, “দেশ বিদেশের সব নাগরিকের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। নিরাপদ ও সঠিক নির্বাচন নিশ্চিত করার জন্য ডিজিটাল মোবাইল থাম্ব ভোটের ব্যবস্থা করা যেতে পারে।”
সম্মেলনে সংগঠনের মহাসচিব শেখ রায়হান রাহবার, আল্লামা আরেফ সারতাজ, আবু আবরার চিসতি, হাফেজ ইলিয়াস শাহ, শেখ নঈম উদ্দিন, এমদাদুল হক, আল্লামা রেজাউল কাওছারসহ কেন্দ্রীয় ও জেলার নেতারা উপস্থিত ছিলেন।
