২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির ইশতেহার ‘আসতে পারে’ শুক্রবার

ভোটের দায়িত্বে বিএনসিসি এবং স্থানীয় পর্যবেক্ষকের সংখ্যা নিয়ে আপত্তির কথাও তুলে ধরেছেন মাহদী আমিন।

বিএনপির ইশতেহার ‘আসতে পারে’ শুক্রবার
মাহদী আমিন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2026, 08:12 PM

Updated : 26 Aug 2026, 02:51 PM

এয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে আগামী শুক্রবার নির্বাচনি ইশতেহার ঘোষণা করতে পারে বিএনপি।

মঙ্গলবার দুপুরে গুলশানে বিএনপির কার্যালয়ে এক সংবাদ ব্রিফিঙে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন।

তিনি বলেন, “আমরা ইতোমধ্যে ইশতেহারের কাজ অনেকটুকু গুছিয়ে এনেছি। বিএনপি সেই রাজনৈতিক দল, যেটি বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে এবং সাংগঠনিক কাঠামো ব্যবহার করে দেশব্যাপী ইশতেহার এবং আমাদের ৩১ দফা নিয়ে, ২৭ দফা নিয়ে অনেকগুলো কর্মসূচি গ্রহণ করেছি… তার আলোকে আমাদের অনেকটাই প্রস্তুত।

“একটি পরিকল্পনা আছে আগামী শুক্রবার হয়ত আমরা ইশতেহার ঘোষণা করতে পারি এবং সেটি চূড়ান্ত হলে আমরা আপনাদের অবহিত করব।”

‘অপতথ্য ছড়ানোর নোংরা প্রয়াস’

মাহদী আমিন বলেন, “আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, গত এক সপ্তাহে আমাদের নেতা বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানকে লক্ষ্য করে ২৯টি ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। যার সুস্পষ্ট প্রমাণ বিভিন্ন ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্মের প্রতিবেদনে উঠে এসেছে। বিভিন্ন মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি একের পর এক অপপ্রচার, অপতথ্য ।

“আমরা আরো দেখতে পাচ্ছি যে, একটি দলের রাজনৈতিক যে কর্মকাণ্ড এবং তাদের যে নেতা-কর্মী, উনারা অনেকেই ফ্যাসিবাদী আমলে তৈরি মিথ্যা পুরাতন বয়ান আবার সামনে ছড়িয়ে দেওয়ার জন্য নিজেরা দায়িত্ব গ্রহণ করেছেন এবং একই ভাষায় একই কায়দায় একই ধরনের স্লোগান দিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছেন, অশালীনভাবে আক্রমণ করছেন।”

মুখপাত্র বলেন, “এটা স্পষ্ট, বিএনপির ক্রমবর্ধমান গণজোয়ার ও জনসমর্থনের মুখে তারা ক্রমশ জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে বলেই সুস্থ ধারার রাজনৈতিক প্রতিযোগিতার পথ ছেড়ে ব্যক্তিগত আক্রমণ এবং অপতথ্য ছড়ানোর নোংরা কৌশল বেছে নিয়েছেন।”

বিএনসিসি এবং দেশীয় পর্যবেক্ষক নিয়ে আপত্তি

মাহদী আমিন বলেন, এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাচনি কাজে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) ক্যাডেট মোতায়ন করার সিদ্ধান্তে তারা উদ্বিগ্ন। 

“কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া বিএনসিসি ক্যাডেটদের অনেকেই কোনো না কোনো রাজনৈতিক দল বা মতাদর্শের সাথে জড়িত থাকেন। ফলে তাদেরকে নির্বাচনে সম্পৃক্ত করলে তা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পথে অন্তরায় সৃষ্টি করতে পারে। 

“এ বিষয়ে আমরা ইতোমধ্যেই নির্বাচন কমিশনে চিঠির মাধ্যমে বিএনসিসির ক্যাডেটদেরকে মোতায়ন না করবার জন্য বিশেষভাবে অনুরোধ করেছি।”

মাহদী আমিন বলেন, নির্বাচন কমিশন এবার মোট ৮১টি স্থানীয় সংস্থার ৫৫ হাজারের বেশি স্থানীয় পর্যবেক্ষককে ভোট পর্যবেক্ষণের অনুমতি দিয়েছে, এ বিষয়েও বিএনপির উদ্বেগ রয়েছে। 

“কেবল ১৬টি সংস্থা থেকে ৩৪ হাজারের বেশি পর্যবেক্ষক রয়েছেন। কয়েকটি সংস্থার নেতৃত্ব পর্যায়ে একটি বিশেষ রাজনৈতিক দলের সদস্যরা রয়েছেন, যেটি অনাকাঙ্ক্ষিত। নির্বাচনের দিন কোনো অসৎ উদ্দেশ্যে এদের একটি অংশকে ব্যবহার করা হতে পারে বলে আমরা আশঙ্কা প্রকাশ করছি।”

বর্তমান প্রেক্ষাপটে নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করতে নির্বাচন কমিশনকে দুটি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বিএনপির মুখপাত্র। 

এক. পর্যবেক্ষকদের সম্পূর্ণ তালিকা সরকারের বিভিন্ন সংস্থার মাধ্যমে যাচাই বাছাই করে রাজনৈতিক ও প্রার্থী সংশ্লিষ্ট ব্যক্তিদের তালিকা থেকে বাদ দেওয়া। যেসব সংস্থার নির্বাচন পর্যবেক্ষণের অভিজ্ঞতা কম, তাদের পর্যবেক্ষক সংখ্যা কমিয়ে আনা।

দুই. কোনো কেন্দ্রে একসঙ্গে যাতে দুইজনের বেশি স্থানীয় পর্যবেক্ষক প্রবেশ করতে না পারেন, সে ব্যাপারে নির্দেশনা জারি করা।

স্বাধীনতা নিয়ে জামায়াত আমিরের বক্তব্য প্রসঙ্গে

চট্টগ্রামের জনসভায় জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান স্বাধীনতার ঘোষণা নিয়ে যা বলেছেন, সে বিষয়ে বিএনপির প্রতিক্রিয়া জানতে চান একজন সাংবাদিক।

মাহদী আমিন বলেন, “আমার গতকালকে দেখেছি, জামায়াতের আমির একটি সমাবেশে বলছিলেন যে, কর্নেল অলি আহমেদ সবার আগে ‘উই রিভল্ট’ বলে চিৎকার করে ওঠেন। দেখুন, মুক্তিযুদ্ধের ইতিহাসটা একটা মীমাংসিত বিষয়। সারা বাংলাদেশের প্রতিটি মানুষ জানে যেটি সত্য, যেটি সঠিক।

“ফ্যাসিবাদী বয়ানে মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করার এই দায়িত্ব কেন একটি রাজনৈতিক দল নিচ্ছেন, সেটা উনাদেরকে প্রশ্ন করলেই ভালো। আমরা সবাই জানি যে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক ছিলেন, সবার আগে তিনি ‘উই রিভল্ট’ বলেছিলেন অন্যান্য সেনানীদের সাথে নিয়ে। সুতরাং ইতিহাসে যেটা অনিবার্য শক্তি, সেটাকে সবার ধারণ করা উচিত।”

তিনি বলেন, “বিশেষভাবে যে রাজনৈতিক দলের স্বাধীনতা যুদ্ধে ভিন্ন অবস্থান ছিল, বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়েছিল এবং যে দলের অনেকেই অনেক শহীদের রক্ত এবং আমাদের মা বোনদেরকে সম্ভ্রমহানির সাথে জড়িত ছিল, সেই দলের নেতা তিনি যদি নিজেই ইতিহাস বিকৃত করে কোনো বয়ান তৈরি করতে চান, দেশের মানুষ তাতে স্বাভাবিকভাবেই স্তব্ধ, আমরা মর্মাহত।”