২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী লীগের কারো নির্বাচন করার অধিকার থাকবে না: খসরু

“আওয়ামী লীগের প্রতি আমার অনুরোধ রইল, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না,” বলেন এই বিএনপি নেতা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2023, 02:02 PM

Updated : 03 Mar 2023, 02:02 PM

আদালতে দণ্ডিত হওয়ায় খালেদা জিয়া নির্বাচন করতে পারবেন না বলে ক্ষমতাসীন দলের যে নেতারা মতামত দিচ্ছেন, তাদেরকে নিজেদের ভবিষ্যৎ ভাবার পরামর্শ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

আওয়ামী লীগ নেতাদের উদ্দেশে তিনি বলেছেন, “আপনাদের আগামী দিনে কারো নির্বাচন করার অধিকার থাকবে না। বাংলায় একটা কথা আছে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আওয়ামী লীগের প্রতি আমার অনুরোধ রইল, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না।”

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচি থেকে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন আমীর খসরু। তিনি অভিযোগ করেন, তাদের নেত্রী খালেদা জিয়াকে নির্বাচন থেকে দূরে রাখার জন্য ‘চক্রান্ত’ করছে সরকার।

“বলা হচ্ছে বেগম জিয়াকে নির্বাচনে যেতে দেওয়া যাবে না, রাজনীতি করতে উনাকে দেওয়া হবে। আরে আপনারা কে? কতগুলো অবৈধ লোক জোর করে ক্ষমতা দখল করে বসে আছে। যেখানে কোনো আইনের শাসন নাই, সেখানে আইনের ব্যাখ্যা দিচ্ছেন আপনারা!”

দুর্নীতির দুই মামলায় ১৭ বছরের দণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ২০১৮ সালে কারাগারে যেতে হয়। পরে পরিবারের আবেদনে সরকার ২০২০ সালের মার্চে ‘মানবিক বিবেচনায়’ নির্বাহী আদেশে বিশেষ শর্তে তাকে সাময়িক মুক্তি দেয়।

দণ্ডিত হওয়ায় আইন অনুযায়ী ২০১৮ সালের নির্বাচনে অংশ নিতে পারেননি খালেদা। সাময়িক মুক্তি পাওয়ার পর কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডেও তাকে দেখা যাচ্ছে না।

ক্ষমতাসীন আওয়ামী লীগের স্ধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ মনে করেন, দণ্ডিত হওয়ায় খালেদা আগামী নির্বাচনেও অংশ নেওয়ার যোগ্য হবে না। পাশাপাশি যে শর্তে তিনি সাময়িকভাবে মুক্ত আছেন, তাতে তার রাজনীতি করারও সুযোগ নেই।

সাময়িক মুক্তির ক্ষেত্রে শর্ত ছিল, খালেদাকে তার গুলশানের বাসায় থেকে চিকিৎসা নিতে হবে এবং তিনি দেশের বাইরে যেতে পারবেন না।

সে প্রসঙ্গ ধরে সরকারের আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, দণ্ডিত হওয়ায় খালেদা জিয়া নির্বাচন করতে পারবেন না। তবে রাজনীতি করার বিষয়ে শর্তে কিছু নেই। যেহেতু স্বাস্থ্যগত কারণে তাকে সাময়িক মুক্তি দেওয়া হয়েছে, সেহেতু রাজনীতি করার মত স্বাস্থ্যগত অবস্থা ‘তার নেই’।

ক্ষমতাসীন দলের এই নেতাদের হুঁশিয়ার করে আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রেসক্লাবের অবস্থান কর্মসূচিতে বলেন, “এই যে কথাটা (খালেদা জিয়া নির্বাচন করতে পারবেন না) বলেছেন আপনারা, এটা মনে রাইখেন। এই ১২ বছরের সমস্ত গুম-খুন… আকাশচুম্বি দুর্নীতির মামলা, সব যদি আগামীতে করা হয় আপনাদের বিরুদ্ধে, (সংসদের) তিনশ সিটের মধ্যে একটা সিটেও অংশগ্রহণ করতে আপনারা পারবেন না।

“সবাই জেলে যাবেন, সবাই আইনের সম্মুখিন হবেন। সুতরাং যারা এই সমস্ত কথা বলেন, বেগম জিয়া নির্বাচন করতে পারবেন না- মাথায় রেখে বলবেন।”

ওয়ান-ইলেভেনের প্রসঙ্গ ধরে আমীর খসরু বলেন, “ওই সময় শেখ হাসিনার বিরুদ্ধে কতটা মামলা ছিল? বেগম জিয়ার বিরুদ্ধে যতটা ছিল, তার দ্বিগুণ মামলা ছিল শেখ হাসিনার বিরুদ্ধে। তার দলের লোকজনের বিরুদ্ধে অসংখ্য মামলা ছিল। ক্ষমতায় এসে তারা তাদের সব মামলা খারিজ করে দিয়েছেন।

“আমি বলতে চাই, আগামীতে কেউ নির্বাচন করতে পারবেন না। কারণ আপনারা সবাই দুর্নীতিবাজ, সবাই হত্যাকারী, সবাই দলের সাথে অংশীদার, সবাই মিথ্যা মামলার অংশীদার, সবাই খুনের সাথে অংশীদার। আপনাদের আগামী দিনে কারো নির্বাচন করার অধিকার থাকবে না।”

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ নেতা-কর্মীদের মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ নাগরিক অধিকার ফোরামের উদ্যোগে এই অবস্থান কর্মসূচি হয়।

সরকার হটানোর ১০ দফা আন্দোলনে সবাইকে আরো সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে আমীর খসরু বলেন, “আগামী দিনে যে আন্দোলন তা চলবেই। কত লোক জেলে নেবে, কোনো কাজ হবে না। বিএনপির লক্ষ লক্ষ সৈনিক। ৪০ লক্ষ তো আপনারা মিথ্যা মামলায় আসামিই করেছেন।

“আরে মশাই এই ৪০ লক্ষ লোক যদি রাস্তায় নামে, আপনাদের অস্তিত্ব থাকবে না। তাই বলে দিতে চাই, জেল-জুলুম করে লাভ হবে না। ক্ষমতা ছেড়ে দিন।”

বাংলাদেশ নাগরিক অধিকার ফোরামের আহ্বায়ক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সদস্য সচিব মোজাম্মেল হোসেন হৃদয়ের সঞ্চালনায় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আতাউর রহমান ঢালী, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, সাবেক সাংসদ বিলকিস ইসলাম, মহানগর বিএনপির ইসমাইল তালুকদার খোকন, কৃষক দলের আনম খলিলুর রহমান ভিপি ইবরাহিম, কাদের সিদ্দিকী, নাসির উদ্দিন ব্যাপারী, তাঁতী দলের কাজী মনিরুজ্জামান মনির, নাগরিক অধিকার আন্দোলনের মুসা ফরাজী, ইউসুফ আলী মিঠু, শফিকুল ইসলাম সবুজ অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন।