ভারতে চিকিৎসা নিয়ে ফিরেছেন মেনন
ঢাকা-৮ আসনের এ সংসদ সদস্য গত ২২ জুলাই ভারতে যান।
হৃদযন্ত্রের চিকিৎসা নিয়ে ভারত থেকে দেশে ফিরেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।
ঢাকা-৮ আসনের এ সংসদ সদস্য শুক্রবার বিকালে ঢাকায় ফেরেন বলে দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
হৃদযন্ত্রের ভালভের সমস্যা নিয়ে গত ২২ জুলাই ভারতে যান মেনন। পরে বেঙ্গালুরুতে নারায়ণা হাসপাতালে হৃদরোগ বিশেষজ্ঞ ডা. দেবী প্রসাদ শেঠির কাছে চিকিৎসা নেন তিনি।
সেখানে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করানো হয়। এক বছর পর আবারও তার হৃদযন্ত্রের পরীক্ষার জন্য ওই হাসপাতালে যেতে হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
