২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্গাপূজা: `মনিটরিং টিম' করছে এনসিপি

‘ঋণের চাপে জর্জরিত হয়ে’ কৃষক আত্মহত্যার ঘটনায় উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে দলটি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2025, 11:08 PM

Updated : 26 Aug 2026, 02:22 PM

আসন্ন দুর্গাপূজা নিরাপদ ও নির্বিঘ্ন করতে সারা দেশে নেতাকর্মীদের ‘মনিটরিং টিম’ গঠনের নির্দেশ দিয়েছে জাতীয় নাগরিক পার্টি—এনসিপি।

শুক্রবার এনসিপির কেন্দ্রীয় দপ্তর সেল থেকে পাঠানো এক বার্তায় এ আদেশ দেওয়া হয়।

রোববার বাংলাদেশে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শুরু হবে। বৃহস্পতিবার দেবী দুর্গাকে বিদায়ের মাধ্যমে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের এ উৎসব। 

পূজা ঘিরে প্রতীমা ভাংচুরসহ বিভিন্ন অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজস্ব উদ্যোগে এ ধরনের টিম গঠন করে থাকে রাজনৈতিক দলগুলো।

এনসিপির নির্দেশনায় বলা হয়, “সব জেলা, মহানগর, উপজেলা ও থানায় এনসিপির সংশ্লিষ্ট ইউনিটগুলোকে ‘মনিটরিং টিম’ গঠন করে স্থানীয় পূজা কমিটির সঙ্গে সমন্বয়, মণ্ডপ পরিদর্শন ও সার্বিক নিরাপত্তায় সহযোগিতা করার জন্য দলের আহ্বায়ক ও সদস্যসচিব নির্দেশ দিয়েছেন।”

কৃষক আত্মহত্যার ঘটনায় উদ্বেগ

‘ঋণের চাপে জর্জরিত হয়ে’ কৃষক আত্মহত্যার ঘটনায় উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে এনসিপির কৃষক উইং ও কৃষিবিদ উইং।

এনসিপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত কয়েক মাসে বিভিন্ন জেলায় একের পর এক কৃষকের আত্মহত্যার খবর সংবাদমাধ্যমে এসেছে। 

“গত ২৬ মার্চ থেকে ২৫ অগাস্ট পর্যন্ত রাজশাহী, মেহেরপুর, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, মাগুরা, ফরিদপুর ও চাঁপাইনবাবগঞ্জ জেলায় ৯ জন কৃষক ঋণের বোঝা ও কৃষিজ সংকটের চাপে আত্মহত্যা করেছেন বলে প্রতীয়মান হয়।”

কৃষক উইং ও কৃষিবিদ উইংয়ের যৌথ সভায় এসব ঘটনাকে একটি ভয়াবহ জাতীয় সংকটের বহিঃপ্রকাশ বলে অভিহিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “কৃষকের এই আত্মহনন কেবল ব্যক্তিগত দুর্বলতার গল্প নয়, এটি কৃষি খাতের গভীর সংকট, ঋণব্যবস্থার অমানবিক চাপ, কৃষিপণ্যের ন্যায্য দাম না পাওয়া এবং রাষ্ট্রীয় অবহেলার সরাসরি ফলাফল।”

সভায় অন্যদের মধ্যে এনসিপি কৃষক উইংয়ের প্রধান সমন্বয়কারী আজাদ খান ভাসানী ও কৃষিবিদ উইংয়ের প্রধান সমন্বয়কারী গোলাম মর্তুজা বক্তব্য রাখেন।

তারা সংকট মোকাবেলায় কয়েকটি দাবি তুলে ধরেন। সেগুলো হলো-

১. কৃষক আত্মহত্যার প্রতিটি ঘটনার স্বতন্ত্র, স্বচ্ছ ও দ্রুত তদন্ত করতে হবে।

২. এনজিও ও ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলোর সুদের শোষণ ও কৃষকদের ওপর অমানবিক চাপ বন্ধে কার্যকর আইন প্রয়োগ করতে হবে।

৩. ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারগুলোর জন্য অবিলম্বে খাদ্য, আর্থিক সহায়তা ও মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে।

৪. কৃষক আত্মহত্যা ও ঋণসংকট সম্পর্কিত পূর্ণাঙ্গ জাতীয় ডেটাবেইজ তৈরি ও গবেষণা কার্যক্রম শুরু করতে হবে।