২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে হামলা ‘নৈরাজ্য করে ফায়দা হাসিলের অপতৎপরতা’: ফখরুল

অবিলম্বে দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বিএনপি মহাসচিব।

গোপালগঞ্জে হামলা ‘নৈরাজ্য করে ফায়দা হাসিলের অপতৎপরতা’: ফখরুল
গোপালগঞ্জে বুধবার এনসিপির সমাবেশ মঞ্চে হামলা হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2025, 04:29 PM

Updated : 26 Aug 2026, 01:23 PM

জাতীয় নাগরিক পার্টি— এনসিপির ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিতে হামলা ঘটনাকে ‘নৈরাজ্যের মাধ্যমে ফায়দা হাসিলের অপতৎপরতা’ বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার এক বিবৃতিতে বিএনপি মহাসচিব এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘‘ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচারী শাসকগোষ্ঠীর পতনের পর দুষ্কৃতিকারীরা আবারও দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিসহ নৈরাজ্যের মাধ্যমে ফায়দা হাসিলের অপতৎপরতায় লিপ্ত হয়েছে।”

তিনি বলেন, “গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে বর্বরোচিত হামলা, ককটেল বিস্ফোরণ, ইউএনওসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িতে অগ্নিসংযোগ এবং পুলিশ সদস্যদের আহত করার বর্বর ঘটনা সেই অপতৎপরতারই বহিঃপ্রকাশ।”

অবিলম্বে দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবির পাশাপাশি আহত পুলিশ সদস্যদের সুস্থতা কামনা করেন বিএনপি মহাসচিব।

বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, ‘‘আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির কারণে আওয়ামী দোসররা মরণকামড় দিয়ে ইন্টেরিম গভর্নমেন্টকে বেকায়দায় ফেলে ফায়দা লুটতে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির জন্য এখন মাথাচাড়া দিয়ে উঠেছে।

‘‘এসব দুস্কৃতিকারীকে কঠোর হস্তে দমন ছাড়া বিকল্প কোনো পথ নেই।”

তিনি বলেন, “গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠাসহ দেশে যেন আবারও ফ্যাসিবাদের উত্থান হতে না পারে, সেজন্য দেশের মানুষের জানমাল রক্ষায় দলমত নির্বিশেষে সব শ্রেণিপেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

‘‘এর ব্যত্যয় হলে দেশ আবারও স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় হুমকির মুখে পড়বে।”