ইসির রোডম্যাপ ‘আওয়ামী লীগকে টিকিয়ে রাখার ষড়যন্ত্র’: মির্জা আব্বাস
মির্জা আব্বাস বলেন, “বর্তমান নির্বাচন কমিশন গণতন্ত্র চায় না। তারা এখন আওয়ামী লীগের মোসাহেবি করছে, গোলামী করছে।”
আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের ঘোষিত রোডম্যাপকে ‘আওয়ামী লীগের সরকারে টিকে থাকার ষড়যন্ত্র’ আখ্যায়িত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
বুধবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, “এই অবৈধ নির্বাচন কমিশন আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য, তাদের ক্ষমতাকে আরও দীর্ঘায়িত করার চেষ্টা করছে।
“বর্তমান নির্বাচন কমিশন গণতন্ত্র চায় না। তারা এখন আওয়ামী লীগের মোসাহেবি করছে, গোলামী করছে।”
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুর সুস্থতা কামনায় এই আলোচনা সভার আয়োজন করে সম্মিলিত ছাত্র যুব ফোরাম।
সেখানে বিএনপি নেতা আব্বাস বলেন, “এই ইসিকে নিয়ে আমাদের কথা বলার কথা না, এদের নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। এই সরকারকে যেখানে আমরা মানি না, এই ইসিকে আমরা মানব কেন?
“আমরা দৃঢ়তার সঙ্গে বলতে চাই, এই সরকার একটা অবৈধ সরকার। তাদের অধীনে এই দেশের জনগণ কোনো নির্বাচন মেনে নেবে না। এই ইসির অধীনে কোনো নির্বাচন হবে না। যদি তারা (ইসি) চেষ্টা করেন তাহলে এটাকে প্রতিহত করা হবে।”
তার ভাষ্য, “আমাদের কাজ হচ্ছে এই সরকারের পতন ঘটানো এবং দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা। আজকে শুধু বিএনপি না, সারা বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ হয়েছে। আমাদের ঐক্যবদ্ধ আন্দোলন হবে, যুগপৎ আন্দোলন হবে।
“এই প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। আমাদের সর্বাত্মক প্রস্তুতি নিতে হবে।”
অন্যদের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, সম্মিলিত ছাত্র যুব ফোরামের আহ্বায়ক নাহিদুল ইসলাম নাহিদ ও ঢাকা মহানগর দক্ষিণে বিএনপির যুগ্ম আহবায়ক মোশাররফ হোসেন খোকন সভায় বক্তব্য দেন।
আরও খবর
