২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির ৫ বছরে পাঁচ সপ্তাহও ঘরে থাকতে পারিনি: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের ভাষায়, বিএনপিরই এখন ‘সেইফ এক্সিট’ দরকার।

বিএনপির ৫ বছরে পাঁচ সপ্তাহও ঘরে থাকতে পারিনি: কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2022, 04:19 PM

Updated : 23 Oct 2022, 04:19 PM

বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার-নির্যাতনের অভিযোগের জবাবে এক সময় আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর নির্যাতনের পুরনো অভিযোগ তুলে ধরেছেন ক্ষমতাসীন দলটির সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার ‘ম্যাস র‌্যাপিড ট্রানজিট’ প্রকল্পের এক অনুষ্ঠান শেষে তিনি বলেন, “বিএনপির পাঁচ বছরে পাঁচ সপ্তাহও আমি ওবায়দুল কাদের ঘরে থাকতে পারি নাই। আর ফখরুল সাহেবরা তো বাসায় আছেন।”

সমাবেশ করতে গিয়ে বাধা পাওয়ার যে অভিযোগ বিএনপি নেতারা করছেন, সে বিষয়ে কাদেরের উত্তর: “ভুলে গেছেন? বাধা বলেন… আওয়ামী লীগ অফিসের সামনে ফুটপাতের ওপর ২১ ফেব্রুয়ারির মিটিং আমরা করতে পারিনি। বাধা কাকে বলে?

“এ পর্যন্ত বিএনপির কোনো নেতা হামলার শিকার হয়নি। মো. নাসিম আজকে বেঁচে নেই। কতবার তাকে রাস্তায় পেটানো হয়েছে। মতিয়া চৌধুরীকে পেটানো হয়েছে। সাধারণ একটা সমাবেশেও আব্দুস সামাদ আজাদকে রেহাই দেওয়া হয়নি।”

রাজধানীর শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ অনুষ্ঠানে ম্যাস র‌্যাপিড ট্রানজিট বা এমআরটি-১ প্রকল্পে জাপানের নিপ্পন কোই কোম্পানি লিমিটেডের সঙ্গে চুক্তি সই হয়। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন ওবায়দুল কাদের।

শনিবার খুলনায় বিএনপির সমাবেশের প্রসঙ্গ টেনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “তের বছর ধরে মরা গাঙ্গে জোয়ার আর আসে না, এখন একটা ছোট্ট জোয়ার দেখছেন। কিছু ঢেউ দেখতে পাচ্ছেন। এটাকেই ভাবছেন লক্ষ লোকের ঢেউ।

“আর ঘুমন্ত মানুষরা জেগে উঠেছেন, সাংবাদিকরাও প্রচার করছেন। ভালো, এটাই গণতন্ত্রের বিউটি। কিন্তু নিজেদের অতীতকে ভুলে যাবেন না। লাখ বলে বলে মন কলা খাচ্ছেন চিত্তকে সুখ দেওয়ার জন্য।”

‘তত্ত্বাবধায়কের ভুত নামিয়ে ফেলুন’

পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয়, বাংলাদেশেও সেভাবে নির্বাচন হবে বলে আবারও জানালেন ওবায়দুল কাদের।

বিএনপি নেতাদের উদ্দেশে তিনি বলেন, “যাদের কাছে নালিশ করেন, তাদের কোন দেশে তত্ত্বাবধায়ক আছে? তত্ত্বাবধায়কের ভূত মাথা থেকে নামিয়ে ফেলুন।

“ইলেকশনে আসেন, আমরা প্রস্তুত আছি। জনগণ যদি আপনাদের চায়, আপনারা ক্ষমতায় যান। জনগণ না চাইলে আমরা সেইফ এক্সিট নেব। দ্যাট উইল বি ডিসাইডেড ইন আওয়ার জেনারেল ইলেকশন। ওইটা ডিসাইড করার ক্ষমতা আর কারও নাই। ক্ষমতা আছেন জনগণের।”

নির্বাচন সবার জন্যই ‘সেইফ এক্সিটের’ জায়গা মন্তব্য করে এই আওয়ামী লীগ নেতা বলেন, “আপনারা যদি পরিবর্তন চান, নির্বাচনে আসতে হবে। পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয় বাংলাদেশেও সেভাবে নির্বাচন হবে।

“আমরা এক্সিট করব না। আমরা ফাইটার। ফাইট করে এসেছি। বন্দুকের নল আমাদের ক্ষমতার উৎস নয়।”

তাদের বলেন, “ফখরুল সাহেবেরই এখন সেইফ এক্সিট দরকার। লাঠিসোঁটা নিয়ে নেমেছেন, আবারও অগ্নি সন্ত্রাসের আভাস দিচ্ছেন। এর পরিণাম শুভ হবে না।”

‘বিএনপির আন্দোলনে সরকার পালাবে’- দলটির নেতাকর্মীদের এমন দাবির জবাবে সেতুমন্ত্রী বলেন, “কথায় কথায় পালাবার কথা বলেন। কোথায় পালাব? কেন পালাব? আওয়ামী লীগ কি পালাবার দল? আর কখনো কি পালিয়েয়েছে?

“পালিয়েছে আপনাদের মূল নেতা, যিনি আপনাদেরকে টেমস নদীর পার থেকে ফরমায়েশ দেন। তিনি তো কাপুরুষের মত মুচলেকা দিয়ে পালিয়েছেন লন্ডনে। গত তের বছর দেশে ফেরার সৎ সাহস পেলেন না। তিনি আবার গণঅভ্যূত্থানের নেতৃত্ব দেবেন- পাগলে কী না বলে, ছাগলে কী না খায়।”