Published : 13 Jul 2026, 08:31 AM
দক্ষিণের জেলা বরিশালে একদিনের সফরে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার ভোর ৬টায় গুলশানের বাসা থেকে সড়কপথে সরকারপ্রধানের গাড়িবহর যাত্রা করে বলে জানিয়েছেন তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
তিনি সকাল ৮টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বরিশাল যাচ্ছেন। গুলশানের বাসা থেকে রওনা হয়ে এখন গোপালগঞ্জ অতিক্রম করছে প্রধানমন্ত্রীর গাড়িবহর। বরিশালে দিনব্যাপি নির্ধারিত কর্মসূচি শেষ করে সন্ধ্যায় ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী।”
কর্মসূচি: সকাল ১০টায় গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে নতুন খনন করা সরিকল-বাটাজোর খালের পাশে বৃক্ষরোপণ, ১০টা ৪০ মিনিটে বাটাজোরে ফ্যামিলি কার্ড বিতরণ, দুপুর ১টায় বরিশাল সিটি করপোরেশনের ত্রিশ গোডাউন বধ্যভূমি এলাকায় বৃক্ষরোপণ এবং বিকাল সাড়ে ৩টায় বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভা।
প্রধানমন্ত্রী দুপুরে সার্কিট হাউজে জোহরের নামাজ ও মধ্যাহ্নভোজ সারবেন।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিএনপি সরকার গঠন করে প্রথমবারের মতো বরিশাল সফর করছেন তারেক রহমান।
সংসদ নির্বাচনের আগে প্রচারণার অংশ হিসেবে ৪ ফেব্রুয়ারি বরিশাল এসেছিলেন তারেক রহমান। তিনি ওইদিন বেলস পার্কে দলের নির্বাচনি জনসভায় বক্তৃতা করেছিলেন।