২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আন্দোলন দমনে গুলির ব্যবহার চিরদিনের জন্য নিষিদ্ধ চান রিজভী

“জনগণের যে দাবি এই দাবির ওপর ভিত্তি করেই তো সংস্কার হবে। কিন্তু তার জন্য নির্বাচন আটকে রাখার কোনো অর্থ হয় না।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2025, 04:20 PM

Updated : 10 Sep 2026, 12:31 PM

রাজনৈতিক কর্মসূচি দমনে আইনশৃঙ্খলা বাহিনীকে দেওয়া গুলি করার ক্ষমতা ‘চিরতরে নিষিদ্ধ’ করার দাবি জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার সকালে শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের কাছে বলেন, “ফ্যাসিস্ট সরকারের ১৬ বছরে কী হয়েছে আপনারা দেখেছেন। আপনাদের মাধ্যমে বলতে চাই, এদেশে যেন কোনো বিক্ষোভ, কোনো আন্দোলন যাই হোক না কেন, সেখানে আইনশৃঙ্খলা বাহিনী শর্টগান বের করে গুলি করে হত্যার যে দৃষ্টান্ত শেখ হাসিনার পুলিশ বাহিনী রেখেছে. সেই আন্দোলন দমানো অথবা যেকোনো রাজনৈতিক কর্মসূচি দমনের জন্য গুলির ব্যবহার, শর্টগানের ব্যবহার চিরদিনের জন্য নিষিদ্ধ করতে হবে। 

কোনো বর্বর শাসকের কোনো বর্বর আইন প্রতিষ্ঠিত করা যাবে না জানিয়ে রিজভী বলেন, “ওই পরিবেশ থেকে এমন একটি পরিবেশের উত্তরণ ঘটাতে হবে, এমন সংস্কার করতে হবে যাতে কোনো সরকারই যেন রক্তচক্ষু দেখিয়ে জনগণকে দমন করতে না পারে। আমরা সেই পরিবেশ চাই। আমরা আমাদের স্বাধীন চিন্তা, স্বাধীন মতামত প্রকাশে কেউ যেন বাধা হয়ে না দাঁড়াতে পারে।”

মুন্সীগঞ্জের নবগঠিত কমিটির আহ্বায়ক মিজানুর রহমান সিনহা ও সদস্য সচিব মহিউদ্দিন আহমেদের নেতৃত্বে নেতা-কর্মীদের নিয়ে রিজভী দুপুরে শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানান।

‘আওয়ামী লীগের হরতাল-অবরোধ অনলাইনে’

ভাষার মাসে আওয়ামী লীগের ডাকা বিভিন্ন কর্মসূচিজর সমালোচনা করেন রুহুল কবির রিজভী। 

ফেসবুক পেইজে এক পোস্টে অন্তর্বর্তী সরকারের পদত্যাগসহ ১০টি দাবি নিয়ে মাঠে নামার ঘোষণা দিয়েছে। এসব দাবিতে ১ থেকে ১৮ ফেব্রুয়ারি পাঁচ ধরনের কর্মসূচি দিয়েছে দলটি। কর্মসূচির মধ্যে রয়েছে, ১ থেকে ৫ ফেব্রুয়ারি আছে প্রচারপত্র বিলি; ৬ ফেব্রুয়ারি প্রতিবাদ মিছিল ও সমাবেশ; ১০ ফেব্রুয়ারি বিক্ষোভ মিছিল ও সমাবেশ; ১৬ ফেব্রুয়ারি অবরোধ এবং ১৮ ফেব্রুয়ারি রয়েছে দেশব্যাপী সকাল-সন্ধ্যা সর্বাত্মক হরতাল।

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের প্রচারপত্র বিলির ছবি দলটির ফেইসবুক পেইজে প্রতিদিনই প্রকাশ করা হচ্ছে। 

ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র করছেন অভিযোগ করে রিজভী বলেন, “আবার শেখ হাসিনা তার বর্বর শাসন ফিরে পাবার জন্য মরিয়া। উনি পার্শ্ববর্তী দেশ থেকে আশ্রয় পেয়ে বাংলাদেশের ভেতর উস্কানিমূলক কাজ এবং চক্রান্ত করার জন্য তার নেতা-কর্মীদেরকে নির্দেশ দিচ্ছেন।

“কিন্তু জনগণের সাড়া না পেয়ে এখন তারা হরতাল আর অবরোধ করছেন অনলাইনে। জনগণের মধ্যে তারা যেতে পারছেন না। কোথায় উনার রক্ষাবাহিনী, কোথায় তার যুবলীগ-ছাত্র লীগ, কোথায় তার র‌্যাব-পুলিশ…যাদের দিয়ে নির্বিচারে গণতান্ত্রিক শক্তির রক্ত ঝরিয়েছেন, লাশ করেছেন মাসুম বাচ্চাদেরকে?”

‘নির্বাচনি রোডম্যাপ দিন’

রিজভী বলেন, “নির্বাচনের ডেটলাইন দিতে হবে। আমরা ১৬/১৭ বছর বঞ্চিত হয়েছি, জনগণ বঞ্চিত হয়েছে। সেই বঞ্চনার দুঃস্বপ্ন যাতে দূর হয় সেজন্য অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের একটা তারিখ অবশ্যই অন্তবর্তীকালীন সরকারকে দিতে হবে।

“আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, বিএনপি সংস্কারের বিরুদ্ধে নয়, আমরা সংস্কার কী কী হওয়া উচিত সেটা বলেছি। সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া, এটা যুগ যুগ ধরে চলবে। জনগণের যে দাবি এই দাবির ওপর ভিত্তি করেই তো সংস্কার হবে। কিন্তু তার জন্য নির্বাচন আটকে রাখার কোনো অর্থ হয় না।”