Published : 27 Jan 2026, 05:59 PM
ঢাকা-৮ আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাসের ‘নির্দেশে’ এবং দলটির চেয়ারম্যান তারেক রহমানের ‘সম্মতিতেই’ ওই আসনে এনসিপির প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ‘হামলা’ হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।
মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমরা গণঅভ্যুত্থানে হাসিনাকে হটিয়েছি, আর মির্জা আব্বাসের বিরুদ্ধে কথা বলতে পারব না? এসব ভয়ভীতি দিয়ে আমাদের আটকানো যাবে? এমনটি ভাবলে ভুল হবে।”
এদিন মালিবাগের হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজে পিঠা উৎসবে গিয়েছিলেন মূখ্য সমন্বয়ক; সেখানে তিনি ছিলেন আমন্ত্রিত অতিথি।
পাটওয়ারী সেখানে পৌঁছালে কিছু তরুণ তাকে উদ্দেশ করে স্লোগান দেয়। এরপর ধাক্কাধাক্কিতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এসময় পাটওয়ারীর দিকে ডিম ছোড়া হয়, শারীরিক আক্রমণেরও অভিযোগ পাওয়া যায়।
ওই ঘটনার পর তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করে ফকিরাপুল মোড়ে যান নাসীরুদ্দীন পাটওয়ারী। নেতাকর্মী অনুসারীদের নিয়ে তিনি পারাবত হোটেলের সামনে অবস্থান নেন।
পরে ফকিরাপুল এলাকায় একটি মিলনায়তনে জরুরি এক সংবাদ সম্মেলনে এসে ১১ দলীয় নির্বাচনি ঐক্যের প্রার্থী পাটওয়ারী শান্তিনগরের ঘটনার জন্য তার প্রতিদ্বন্দ্বী মির্জা আব্বাসকে দায়ী করে বক্তব্য দেন।
তিনি বলেন, “হাবিবুল্লাহ বাহার কলেজে মির্জা আব্বাসের বাহিনী আমাদের ওপর অতর্কিত হামলা করেছে। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তারেক রহমানের কাছে মির্জা আব্বাসের বহিষ্কারের দাবি জানাই।”
একই সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “মির্জা আব্বাসের নির্দেশে ও তারেক রহমানের সম্মতিতেই নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা হয়েছে।”

তিনি বলেন, “ঢাকা শহরে বড় হয়েছি। আমরা মির্জা আব্বাসের ইতিহাস জানি। মির্জা আব্বাসকে ডেকে একটা হুন্ডা আর ৩০ টাকা দিয়ে জিয়াউর রহমান বলেছিলেন, আমার সঙ্গে রাজনীতি করো। নির্বাচনে কাজ কারো। সেখান থেকেই তার রাজনীতির যাত্রা শুরু।“বিএনপির রাজনীতি করেই ঢাকা শহরে সাম্রাজ্য তৈরি করেছেন মির্জা আব্বাস। সেই সাম্রাজ্য কীভাবে হয়েছে সেটা দেশের মানুষ জানে। জুলাই গণঅভ্যুত্থানের পরই তাদের উচিত ছিল দেশের মানুষের কাছে ক্ষমা চাওয়া।”
বিএনপির দিকে ইঙ্গিত করে নাহিদ বলেন, “তাদের অতীত কিন্তু দেশের মানুষ ভোলেনি। ২০০১ থেকে ২০০৬ সালে তারা দুঃশাসন চালিয়েছিল। তাদের এমন আচরণ চলতে থাকলে আমরা অতীত নিয়ে কথা বলতে বাধ্য হব।”
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের উদ্দেশে নাহিদ বলেন, “আগে যা করেছেন, করছেন। তবে পরিবর্তন না হলে কিন্তু এবারের নির্বাচনে ভালো হবে না।”
মির্জা আব্বাসসহ বিএনপির জ্যেষ্ঠ নেতারা বিগত ১৬ বছর ‘আওয়ামী লীগ নেতাদের সঙ্গে আঁতাত করে’ রাজনীতি করেছেন বলেও মন্তব্য করেন নাহিদ।
তিনি বলেন, “তারা তাদের সঙ্গে ব্যবসা-বাণিজ্য করেছেন। তাই তারা রাজপথে সক্রিয়ভাবে নামেননি। অথচ ছাত্রদল ও যুবদলের তৃণমূলের নেতাকর্মীরা জীবন দিতে প্রস্তুত ছিল। তাই গণঅভ্যুত্থানের সময় তারা আমাদের সঙ্গে রাজপথে নেমে এসেছেন।”
পুরনো খবর
মির্জা আব্বাসের 'বহিষ্কার চান' পাটওয়ারী
পিঠা উৎসবে গিয়ে 'হেনস্তার শিকার' পাটওয়ারী, রাস্তায় বসে প্রতিবাদ