Published : 27 Jan 2026, 02:08 PM
ছাত্রদলের বিরুদ্ধে হামলার অভিযোগ এনে রাজধানীর শান্তিনগরে সড়কে বসে প্রতিবাদ করেছেন ঢাকা-৮ আসনে দশ দলীয় জোটের প্রার্থী এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজে পিঠা উৎসবে ওই ঘটনা ঘটে।
পাটওয়ারী ছিলেন ওই উৎসবের আমন্ত্রিত অতিথি। তিনি সেখানে পৌঁছালে কিছু তরুণ তাকে উদ্দেশ করে স্লোগান দেয়। এরপর ধাক্কাধাক্কিতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এসময় পাটওয়ারীর ওপর শারীরিক আক্রমণেরও অভিযোগ পাওয়া যাচ্ছে।
ওই ঘটনার পর তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করে ফকিরাপুল মোড়ে যান নাসীরুদ্দীন পাটওয়ারী। নেতাকর্মী অনুসারীদের নিয়ে তিনি পারাবত হোটেলের সামনে অবস্থান নেন।
পাটওয়ারীর ব্যক্তিগত মিডিয়া সহকারী শামিল আব্দুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হাবিবুল্লাহ বাহার কলেজে আমন্ত্রিত অতিথি হিসেবে একটি অনুষ্ঠানে উপস্থিত হলে ছাত্রদলের পরিচয়ে সন্ত্রাসীরা হামলা করে।”
হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ ইমরুল কায়েস এ বিষয়ে কথা বলতে চাননি।

তবে কলেজের একজন প্রশাসনিক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মারামারি ঘটনা ঘটেনি। অল্প কিছু তর্ক বিতর্ক, স্লোগানের কারণে দুই পক্ষ মুখোমুখি হয়ে পড়ে। নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘ভুয়া ভুয়া‘ বলে মাতামাতি করে। পরে কলেজের কর্তৃপক্ষের সহায়তায় তাকে উৎসবে আনা হয়।”
এ আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাসেরও পিঠা উৎসবে উপস্থিত থাকার কথা ছিল। বেলা ১টা পর্যন্ত তিনি মালিবাগের আবু যর গিফারী কলেজ এলাকায় অবস্থান করছিলেন।
পাটওয়ারীর প্রচার সেল থেকে বলা হয়েছে, তার ওপর হামলার প্রতিবাদে দুপুর ২টায় 'ঐক্যবদ্ধ বাংলাদেশ' জোটের ঢাকা-৮ আসনের প্রধান নির্বাচন পরিচালনা কার্যালয়ে (ফকিরাপুল মোড়ে পারাবত হোটেলের আন্ডারগ্রাউন্ডে) জরুরি সংবাদ সম্মেলন হবে।
এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামও সেখানে উপস্থিত থাকতে পারেন বলে দলের একজন নেতার ভাষ্য।