Published : 22 Aug 2026, 05:00 PM
জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সদ্য শপথ নেওয়া রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার সকাল সোয়া ১০টায় রাষ্ট্রপতি স্মৃতিসৌধে এসে পৌঁছান। তিনি পুষ্পার্ঘ্য অর্পণ করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এরপর তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
এসময় মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীমসহ সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
শ্রদ্ধা নিবেদনের সময় তিন বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম দেয়। তখন বিউগলে করুণ সুর বেজে ওঠে।
রাষ্ট্রপতি সেখানকার পরিদর্শন বইয়ে সইয়ের পাশাপাশি বৃক্ষরোপণও করেন।
রাষ্ট্রপ্রধান সেখান থেকে সরাসরি মিন্টু রোডের বাসায় ফিরবেন। তিনি রোববার বঙ্গভবনে উঠবেন বলে তার কার্যালয় জানিয়েছে।
দেশের তেইশতম রাষ্ট্রপতি হিসেবে শুক্রবার সন্ধ্যায় শপথ নেন দীর্ঘদিন বিএনপির মহাসচিবের দায়িত্ব সামলানো মির্জা ফখরুল। এর আগের দিন সংসদ কক্ষে অনুষ্ঠিত নির্বাচনে তিনি ২৫৫ ভোট পেয়ে রাষ্ট্রপ্রধান হন।