সরকার জনগণকে হারিকেন ধরিয়ে দিয়েছে: গয়েশ্বর
“আমরা যদি রাস্তায় সংক্ষিপ্ত আন্দোলন করি, তাহলে সরকার সংক্ষিপ্ত সময়ের মধ্যেই চলে যাবে।“
সরকার জনগণের হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, সেই হারিকেন সরকারকে ‘ধরিয়ে দিতে’ হবে।
শনিবার বিকালে নগরীর পুরাতন রেল স্টেশন চত্বরে দেশে লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে বিএনপির কেন্দ্র ঘোষিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
চট্টগ্রাম নগর বিএনপি আয়োজিত সমাবেশে তিনি বলেন, “জনগণের হাতে হারিকেন ধরিয়ে দিয়েছেন। সেটি সরকারকে ধরিয়ে দিতে হবে। তারপর হেঁটে দেখুক, হারিকেন হাতে হাঁটতে কেমন লাগে।
“বর্তমান সরকারকে বিদায় করতে ২০১৪ সালের মতন আন্দোলনের দরকার নেই। তার চেয়েও অনেক শর্টকার্ট আন্দোলন করলে এই সরকার নদীর পানিতে ভেসে যাবে, হাবুডুবু খাবে। তীরে ওঠার কূল কিনারা পাবে না।”
গয়েশ্বর বলেন, “আমরা সরকারের বিরুদ্ধে হরতাল দিচ্ছি না অনেক বছর। হরতাল তো সাংবিধানিক অধিকার। হরতাল দেব না, তা তো বলি নাই। অবরোধ সাংবিধানিক অধিকার। অবরোধ অনেকদিন করি না। করব না এমন কথা তো দিই নাই।
“হরতাল করলে কোথায় যাবেন, কোথায় থাকবেন, তার ঠিকানা আগেই বুকিং দেন। মানুষের ধৈর্য্যের বাঁধ ভেঙে গেছে।”
রাতারাতি কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্রের মাধ্যমে বিদেশে টাকা পাচার হয়েছে অভিযোগ করে তিনি বলেন, “১০ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। অবৈধ প্রধানমন্ত্রী অবৈধভাবে পাচার করা টাকা বৈধভাবে দেশে আনার কথা বলছে।“
মানুষের আয় নাই এবং চাল ডালসহ নিত্যপ্রয়োজনীয় সবকিছুর দাম বেশি মন্তব্য করে গয়েশ্বর বলেন, “তবে এই ফ্যাসিস্ট সরকারের মূল্য প্রতিদিনই কমছে। শেয়ার মার্কেটে ধস নেমেছে। আমরা যদি রাস্তায় সংক্ষিপ্ত আন্দোলন করি, তাহলে সরকার সংক্ষিপ্ত সময়ের মধ্যেই চলে যাবে।“
নগর বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, শ্রম সম্পাদক এ এম নাজিম উদ্দীন, চট্টগ্রাম নগর কমিটির সদস্য সচিব আবুল হাশেম বক্কর, কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন মজুমদার, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান।
