দুই আসনে উপ-নির্বাচন রোববার
আসন্ন সংসদ নির্বাচনের আগে আরেকটি শূন্য হওয়া পটুয়াখালী-১ আসনে উপ-নির্বাচন হবে ২৬ নভেম্বর।
বিএনপি-জামায়াতের অবরোধের মধ্যে দ্বাদশ সংসদ নির্বাচনের আগে ব্রাহ্মণবাড়িয়া ২ ও লক্ষ্মীপুর ৩ আসনে উপ-নির্বাচন হচ্ছে রোববার।
এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে; দুই আসেনই ভোট হবে ব্যালট পেপারে।
আসন্ন সংসদ নির্বাচনের আগে আরেকটি শূন্য হওয়া পটুয়াখালী-১ আসনে উপ-নির্বাচন হবে ২৬ নভেম্বর।
এ তিন আসনই আগের সংসদ সদস্যদের মৃত্যুর কারণে শূন্য হয়েছিল।
নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম সাংবাদিকদের জানান, ভোটের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
ব্রাহ্মবাড়িয়া ২ আসনে পাঁচজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন। নৌকা প্রতীকে আওয়ামী লীগের শাহজাহান আলমের বিপরীতে ভোটে রয়েছেন আম প্রতীকে ন্যাশনাল পিপলস পার্টির মো. রাজ্জাক হোসেন, লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির মো. আব্দুল হামিদ, গোলাপ ফুল প্রতীকে জাকের পার্টির জহিরুল ইসলাম জুয়েল ও কলার ছড়ি প্রতীকে স্বতন্ত্র প্রার্থী অ্যাড. মো. জিয়াউল হক মৃধা।
এ আসনে মোট ভোটার রয়েছে চার লাখ ১০ হাজার ৭২ জন। ভোটগ্রহণ হবে ১৩২ কেন্দ্রের ৮৪৫টি ভোটকক্ষে।
অপরদিকে লক্ষ্মীপুর ৩ আসনে নৌকা প্রতীকে আওয়ামী লীগের মোহাম্মদ গোলাম ফারুকের বিরুদ্ধে লড়ছেন লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির মুহাম্মদ রাকিব হোসেন, গোলাপ ফুল প্রতীকে জাকের পার্টির মো. সামছুল করিম ও আম প্রতীকে ন্যাশনাল পিপলস পার্টির সেলিম মাহমুদ।
এ আসনে মোট ভোটার চার লাখ তিন হাজার ৭৪৪ জন। ১১৫ টি ভোটকেন্দ্রের ৮২৭টি ভোটকক্ষে ভোট হবে।
ব্রাহ্মণবাড়িয়ার নির্বাচনে ২৬ জন নির্বাহী ও দু'জন বিচারিক ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। লক্ষ্মীপুরের জন্য রয়েছেন ২২ জন নির্বাহী ও একজন বিচারিক ম্যাজিস্ট্রেট।
কেন্দ্র নিরাপত্তায় দুই উপ-নির্বাচনে নিয়োজিত রয়েছে পুলিশ, আনসারের ১৬ থেকে ১৮ জনের ফোর্স।
এছাড়া পুলিশ আনসার ও এপিবিএনের ১৬টি মোবাইল টিম ও ১১টি স্ট্রাইকিং টিম নিয়োজিত রয়েছে। এছাড়া র্যাবের ১৫টি মোতায়েন করা হয়েছে। মাঠে রয়েছে ১১ প্লাটুন বিজিবি।
