২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কী কী করলে ভালো নির্বাচন হয়, ঠিক করুন: মান্না

মাজার-খানকায় হামলার ঘটনায় দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে সরকারকে অনুরোধ করেছেন তিনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2025, 07:03 PM

Updated : 26 Aug 2026, 11:17 AM

আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য অগ্রাধিকার ঠিক করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

শনিবার দুপুরে এক আলোচনা সভায় তিনি বলেন, কী কী করলে ভালো নির্বাচন হয়, এটা ঠিক করুন।

মান্না বলেন, “দেশের এখন যে অবস্থা… আমাদেরকে খোলনলচা বদলাতে হবে, দেশ বদলাতে হবে। সরকার পদ্ধতি বদলাতে হবে মানে, পার্লামেন্টারি ডেমোক্রেসি বলছি না। 

“সরকার যদি ভালো হয়, একটা ভালো নির্বাচন হয়, সবাই যাতে ভোট দিতে পারে, সবাই যাতে গ্রহণ করে। সেই ভোটের ফলাফলের ভিত্তিতে আমরা গণতন্ত্র নির্মাণ করতে পারি।

“সেজন্য এই সরকারকে বলা হয়েছে অন্তর্বতী সরকার। কতদিন লাগবে সংস্কার করতে? এটা বলছি না যে, ওরা ২০ বছর ধরে ক্ষমতায় থাকুক। কী কী করলে ভালো নির্বাচন হয় এটা ঠিক করুন।”

মাজার-খানকায় সন্ত্রাসী হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও মাহফিলে বাধা দেওয়ার প্রতিবাদে এবং সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে এই আলোচনা সভা হয়।

জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে এই সভা আয়োজন করে বাংলাদেশ তরিকত পরিষদ।

মাজার-খানকায় হামলাকারীদের গুণ্ডা হিসেবে তুলে ধরে মাহমুদুর রহমান মান্না বলেন, “মাজারে হামলা করা মানে তো গুণ্ডামি করা। এটা কোনো ভালো মানুষের কাজই না। আর গুণ্ডারা ভালো মানুষ হবে কোত্থেকে।”

মাজার-খানকায় হামলার ঘটনায় দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে সরকারকে অনুরোধ জানান তিনি।

সভায় আমার বাংলাদেশ (এবি) পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু বলেন, “অধিকারের প্রশ্নে আমরা এক সাথে থাকব, আমাদের লড়াই চলবে ফ্যাসিবাদ বিলুপ্ত না হওয়া পর্যন্ত এবং একটা নতুন রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত।

“অনেকে আমাদেরকে বলেন যে, ৫ আগস্টে আপনাদের বিজয় হয়েছেন কি না? আমরা বলি, না আমাদের বিজয় হয়ন; ৫ অগাস্ট শেখ হাসিনা পরাজিত হয়েছে, কিন্তু আমাদের বিজয় অনেক দূর। 

“অনেক বড় সংগ্রাম আমাদের করতে হবে। সবার অধিকারের প্রশ্নে আমরা যখন এক হতে পারব, তখন বলতে পারব বাংলাদেশ সেদিন মাথা উঁচু করে দাঁড়াবে।”  

বাংলাদেশ তরিকত পরিষদের সভাপতি পীর বাশার খান্দানীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- গণঅধিকার পরিষদের একাংশের নেতা মিয়া মসিউজ্জামান, জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির দেলোয়ার হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক শাহ কাওসার মোস্তফা আবুল উলায়ী, নেদায়ে ইসলামের শায়েখ সাইয়্যেদ মুসতাক আহাম্মাদ আল আহাম্মাদী।