একটি দল আওয়ামী লীগের ভূমিকা নিয়েছে: আসিফ মাহমুদ
“আওয়ামী লীগের যে যে জুলুম দেখেছি, সেই সেই জুলুমের উপাদান একটি দলের মধ্যে দেখা যাচ্ছে,” বলেন তিনি।
দেশে একটি দল আওয়ামী লীগের ভূমিকা নিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বিএনপিকে ইঙ্গিত করে তিনি বলেন, ”বিপ্লব পরবর্তী বাংলাদেশে একটি দল আওয়ামী লীগের ভূমিকায় নিজেদেরকে জাতির সামনে উপস্থাপন করেছে।
“বিগত ১৭ বছরে আমরা আওয়ামী লীগের যে যে জুলুম দেখেছি, বিপ্লব পরবর্তী বাংলাদেশে ঠিক সেই সেই জুলুমের উপাদানগুলো একটি দলের মধ্যে দেখা যাচ্ছে।”
শুক্রবার জামায়াতে ইসলামীর ঢাকা -১০ আসনের প্রার্থীর নির্বাচনি সমাবেশে গিয়ে এসব কথা বলেন তিনি।
আসিফ মাহমুদ বলেন, “তাদের নেতাকর্মীদের দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজিতে জাতি অতিষ্ঠ। এবারের নির্বাচন নির্ধারণ করবে আগামীর বাংলাদেশে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি, গুম-খুন চলবে কিনা।”
বিকালে ধানমন্ডির রবীন্দ্র সরোবরের এ অনুষ্ঠানে আসিফ মাহমুদ বলেন, “আমি বিশ্বাস করি, ঢাকা-১০ আসনের জনগণ আর কোনো সন্ত্রাসী, চাঁদাবাজ, দুর্নীতিবাজ নেতৃত্ব গ্রহণ করবে না, মেনে নেবে না। ১০ দলীয় জোট বিজয়ী হলে সুশাসন নিশ্চিত করা হবে।”
ঢাকা-১০ আসনে প্রার্থী হয়েছেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জসীম উদ্দীন সরকার।
আসিফ মাহমুদ নিজে ঢাকা-১০ আসনের ভোটার হিসেবে জসীম উদ্দীন সরকারের উপর আস্থা রাখবেন ঘোষণা দিয়ে স্থানীয়দেরও দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানান।
জামায়াতে ইসলামীর ঢাকা -১০ আসনের নির্বাচন পরিচালনা বিষয়ক কমিটির পরিচালক নুর নবী মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে কমিটির সহকারী পরিচালক শেখ শরীফ উদ্দিন আহমেদ ও জুলাই আন্দোলনে নিহত মোবারক হোসেনের বাবা রমজান আলী বক্তব্য রাখেন।
