২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইসির চিঠি

এই কর্মকর্তার ভাই ওয়াহিদুজ্জামান ঝিনাইদহ-১ আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী। গত ২৯ এপ্রিল তিনি আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দেন। সঙ্গে ছিলেন মনিরুজ্জামান।

অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইসির চিঠি
গত ২৯ এপ্রিল আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে ঝিনাইদহ-১ আসনে মনোনয়নপ্রত্যাশী ছোট ভাইয়ের মনোনয়ন ফরম জমা দেন টুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. মনিরুজ্জামান।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2024, 06:49 PM

Updated : 26 Aug 2026, 09:36 AM

ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ওয়াহিদুজ্জামানের ভাই টুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. মনিরুজ্জামানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, সেটিও জানাতে বলেছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।

নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, ওই পুলিশ কর্মকর্তা উপস্থিত থেকে ভাইয়ের মনোনয়ন ফরম জমা দিয়েছেন, যা চাকরিবিধির লঙ্ঘন। এ জন্যে বিভাগীয় মামলা করার ব্যবস্থা নেবে মন্ত্রণালয়।

নির্বাচন কমিশনের উপসচিব মো. মিজানুর রহমান সাক্ষরিত এ সংক্রান্ত চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকে পাঠানো হয়।

এতে বলা হয়, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামান পোশাক পরে ঝিনাইদহ-১ শূন্য আসনের নির্বাচন উপলক্ষে একটি রাজনৈতিক দলের কার্যালয় থেকে সম্ভাব্য একজন প্রার্থীর মনোনয়ন সংগ্রহকালে সঙ্গে ছিলেন, যা বিভিন্ন পত্র পত্রিকা ও গণমাধ্যমে প্রচার হয়েছে।

“এই অবস্থায় উল্লিখিত নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণসহ গৃহীত ব্যবস্থা নির্বাচন কমিশনকে অবহিত করার জন্য নির্দেশিত হয়ে অনুরোধ করা হল।”

গত ৭ জানুয়ারি ঝিনাইদহ-১ আসনে বিজয়ী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই ১৬ মার্চ মারা গেলে আসনটি শূন্য হয়। আগামী ৫ জুন ভোট ধরে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে। 

সেই আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চান শৈলকূপা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান। গত ২৯ এপ্রিল তিনি আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলীয় মনোনয়ন ফরম জমা দিয়ে আসেন। সে সময় সঙ্গে ছিলেন তার বড় ভাই মনিরুজ্জামান।

সরকারি চাকরিবিধি অনুযায়ী কোনো সরকারি কর্মকর্তার রাজনীতি বা নির্বাচনি কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ নেই।

আরও পড়ুন..

উপ-নির্বাচন: ভাইয়ের মনোনয়ন জমা দেওয়ার সঙ্গী পুলিশের অতিরিক্ত ডিআই