‘নিত্যনতুন প্রশ্ন’ তুলে ভোটে বাধা দেওয়া হবে না, বিশ্বাস বিএনপির
বৈঠকে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
‘নিত্যনতুন প্রশ্ন তুলে’ কিংবা ‘সংকট’ সৃষ্টি করে আগামী ফেব্রুয়ারির নির্বাচনে বাধা তৈরি করা হবে না বলে মনে করে বিএনপি।
বৃহস্পতিবার রাতে বৈঠকে বসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা।
বৈঠকের পর সংবাদ বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিজ্ঞপ্তিতে বলায়, “বিএনপি দৃঢ়ভাবে মনে করে, দীর্ঘ আলোচনায় উপনীত ঐকমত্য বাস্তবায়নে সংশ্লিষ্ট সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ থাকবে এবং কোনো মতেই নিত্যনতুন প্রশ্ন তুলে কিংবা সংকট সৃষ্টি করে গণতন্ত্র পুণঃপ্রতিষ্ঠার নির্বাচনে বাধা সৃষ্টি করবে না।
“বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জুলাই জাতীয় সনদের যেসব বিষয় ঐকমত্য হয়েছে, সেগুলোর আইনি বাস্তবায়নের জন্য এবং যথাসময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আন্তরিক ও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছে।”
স্থায়ী কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
স্থায়ী কমিটির গৃহীত প্রস্তাবে বলা হয়েছে, দীর্ঘ আলোচনায় কিছু বিষয়ে ‘নোট অব ডিসেন্টসহ’ যেসব বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে এবং গত ১৭ অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ঐতিহাসিক আনুষ্ঠানিকতার মাধ্যমে স্বাক্ষরিত হয়েছে, বিএনপি তার অংশীদার হিসাবে সনদে বর্ণিত সব বিষয়কে ধারণ করে। দেশের সংবিধান ও প্রচলিত আইন অনুযায়ী তা বাস্তবায়নে অঙ্গীকারাবদ্ধ।
“সর্বসম্মতভাবে গৃহিত জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে নতুন প্রশ্ন কিংবা সংকট সৃষ্টির সব অপপ্রয়াসের বিরুদ্ধে গণতন্ত্রকামী জনগণের শক্তিকে ধারন করে বিএনপি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় দীর্ঘ ১৬ বছরের অবিরাম লড়াই ও ২০২৪ সালের জুলাই-অগাস্টের গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের সীমাহীন ত্যাগের প্রতি শ্রদ্ধা জানাবে।”
