Published : 19 Aug 2026, 12:55 AM
স্বামী তৌফীক নাওয়াজের মৃত্যুর পর কারাবন্দি আওয়ামী লীগ নেতা ও সাবেকমন্ত্রী দীপু মনির প্যারোলে মুক্তির জন্য আবেদন করা হবে বলে জানিয়েছেন তার আইনজীবী গাজী ফয়সাল ইসলাম।
বুধবার সকালে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে এ আবেদন জমা দেওয়ার কথা বলেন তিনি।
চব্বিশের আন্দোলনের পরে গ্রেপ্তার দীপু মনি বর্তমানে মুন্সীগঞ্জ কারাগারে আটক আছেন।
সুপ্রিম কোর্টের আইনজীবী তৌফীক নাওয়াজ মঙ্গলবার রাতে ঢাকার কন্টিনেন্টাল হাসপাতালে (সাবেক ইউনাইটেড হাসপাতাল) মারা যান। দীর্ঘদিন থেকে অসুস্থ তৌফীকের বয়স হয়েছিল ৭৬ বছর।
আইনজীবী ফয়সাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দীপু মনির প্যারোলে ছাড়া পাওয়ার বিষয়টি জেলা প্রশাসকের আদেশের ওপর নির্ভর করছে।
পেশায় সুপ্রিম কোর্টের আইনজীবী তৌফীক নাওয়াজ ধ্রুপদি সংগীতেরও চর্চা করতেন। ২০১৯ সালে তিনি স্ট্রোক করেছিলেন। সর্বশেষ গত ২৭ মে হুইল চেয়ারে করে কারাবন্দি স্ত্রীকে দেখতে তাকে আদালতে নিয়ে গিয়েছিলেন স্বজনেরা।
তার জানাজা ও দাফন কোথায় এবং কখন হবে, সে বিষয়ে বুধবার দুপুরের পর সিদ্ধান্ত হবে বলে পরিবারের সদস্য টিপু জানিয়েছেন।
জুলাই অভ্যুত্থানের সময়কার একাধিক মামলার আসামি হয়ে বর্তমানে দীপু মনি মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি আছেন।
তৌফীক নাওয়াজের অসুস্থতার কথা তুলে ধরে গত ২৭ মে দীপু মনিকে সাত দিন প্যারোলে মুক্তি দেওয়ার আবেদন করেন তার মেয়ে তানি দীপাবলী নাওয়াজ। মুন্সীগঞ্জ জেলা প্রশাসক বরাবর করা ওই আবেদনে পরে আর সাড়া মেলেনি।
অপরদিকে দীপু মনি হাই কোর্টে বেশ কয়েকটি মামলায় জামিন পেলেও আরও অনেক মামলায় তার নাম থাকায় তিনি মুক্তি পাননি। ঢাকা ও মুন্সীগঞ্জ মিলিয়ে তার বিরুদ্ধে অনেকগুলো মামলা রয়েছে।
তার স্বামী তৌফীক নাওয়াজ দীর্ঘ দিন ধরে কিডনি ও লিভারের নানা জটিলতায় ভুগছিলেন বলে জানিয়েছেন চিকিৎসাসহ তার দেখভালের দায়িত্বে থাকা আপেল খকশি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "সোমবার শারিরিক অবস্থার অবনতি হলে তৌফীক নাওয়াজকে হাসপাতালে নেওয়া হয়।"