Published : 13 Jul 2025, 12:54 PM
ভোটের প্রতীক তালিকায় শাপলা না রাখার সিদ্ধান্তের পর প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করলেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির নেতারা।
দলটির পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল রোববার সকাল সাড়ে ১০টার দিকে নির্বাচন ভবনে আসেন।
এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ প্রতিনিধি দলের সদস্যরা বেলা ১১টার দিকে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেন।
গত সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধনের জন্য প্রতীকের তফসিলে শাপলা ছাড়াই ১১৫টি প্রতীক সংরক্ষণের সিদ্ধান্ত নেয় ইসি, যা ওইদিনই আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হয়।
এনসিপি গত ২২ জুন নিবন্ধন আবেদন দাখিলের সময় শাপলা প্রতীক চেয়েছিল। তার আগে মাহমুদুর রহমানের নেতৃত্বাধীন নাগরিক ঐক্য ১৭ এপ্রিল একই প্রতীক চেয়েছিল। দুটি দলই শাপলা নিয়ে একাধিকবার বৈঠক করে ইসির সঙ্গে।
শাপলা নিয়ে এই কাড়াকাড়ির মধ্যে প্রতীকটি বাদ দিয়ে তফসিলের খসড়া তৈরি করে ইসি। কমিশনের ওই সিদ্ধান্তের কঠোর সমালোচনা করে এনসিপি।
বর্তমানে ৫০টি দল নির্বাচন কমিশনে নিবন্ধিত। বাকি প্রতীকগুলো স্বতন্ত্র প্রার্থী ও অন্যান্য নতুন দলগুলোকে বরাদ্দ দেওয়া হবে।