২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংরক্ষিত মহিলা আসন: আগ্রহীদের সাক্ষাৎকার নিচ্ছে বিএনপি

প্রথম দিন রাজশাহী, খুলনা, বরিশাল, রংপুর ও ফরিদপুর সাংগঠনিক বিভাগের চার শতাধিক প্রার্থীর সাক্ষাৎকার নেওয়ার কথা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2026, 04:55 PM

Updated : 26 Aug 2026, 03:26 PM

ত্রয়োদশ সংসদের সংরক্ষিত মহিলা আসনে দল থেকে কারা মনোনয়ন পাবেন, সেই বাছাই প্রক্রিয়া শুরু করে দিয়েছে বিএনপি। 

আগ্রহীদের সাক্ষাৎকার নেওয়ার মধ্য দিয়ে শুক্রবার এই প্রক্রিয়া শুরু করে ক্ষমতাসীন দলটির মনোনয়ন বোর্ড।

এদিন বিকাল পৌনে ৪টায় ঢাকার গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে মনোনয়ন বোর্ডের মুখোমুখি হন আগ্রহীরা। 

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের বলেন, “যারা সংরক্ষিত মহিলা আসনে প্রার্থী হতে ইচ্ছুক, যারা দলের মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছেন, আজ বিকালে  থেকে তাদের সাক্ষাৎকার শুরু হয়েছে।

“আমাদের দলের গঠনতন্ত্র অনুযায়ী, দলের মনোনয়ন বোর্ড,  অর্থাৎ বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের সভাপতিত্বে এই বোর্ডের সদস্য হিসেবে দলের স্ট্যান্ডিং কমিটির সদস্যরা রয়েছেন।“

শুক্রবার প্রথম দিন রাজশাহী, খুলনা, বরিশাল, রংপুর ও ফরিদপুর সাংগঠনিক বিভাগের চার শতাধিক প্রার্থীর সাক্ষাৎকার নেওয়ার সূচি থাকার তথ্য দেন রিজভী।

শনিবার বিকাল ৩টা থেকে শুরু হবে ঢাকা,চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা ও ময়মনসিংহ বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার।

বুধবার সকালে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। 

মনোনয়ন দাখিল শেষ হবে ২১ এপ্রিল। বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল। বাছাই নিয়ে কোনো আপত্তি থাকলে আপিল করা যাবে ২৬ এপ্রিল, আর সেই আপিল নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল।

 চূড়ান্ত প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০ এপ্রিল। এরপর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ মে।

নির্বাচন কমিশন বলছে, নির্ধারিত সময়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের প্রস্তুতি শেষ। আসন বণ্টনে বিএনপি জোট ৩৬টি, জামায়াতে ইসলাম জোট ১৩ টি, স্বতন্ত্ররা মিলে পাবে একটি আসন।

শুক্রবার দুপুর দেড়টা থেকে গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ের সামনে নারী আসনে মনোনয়ন ইচ্ছুক প্রার্থী ও তার সমর্থকরা সমবেত হতে থাকেন। 

নিরাপত্তায় নিয়োজিত সদস্যরা শুধু প্রার্থীদের কার্যালয়ে প্রবেশ করতে দেন। কার্যালয়ের ভেতরে প্রার্থীদের বসার জন্য একটি স্থান নির্ধারণ করা ছিল। সেখানে তাদের বসানো হচ্ছে।

নারী আসনে প্রার্থী হওয়ার যোগ্যতার বিষয়ে রিজভী বলেন, ‘‘আমি আগেও বলেছি, আমাদের এক ভয়াবহ দুঃসময় পার করে আমরা আজকের গণতন্ত্র উত্তরণের এই পর্যায়ে পৌঁছেছি এবং গণতন্ত্র সচল ও শক্তিশালী করতে এটাকে এগিয়ে নিতে হবে। সেই ক্ষেত্রে মহিলারা যে অবদান রেখেছেন বিগত ১৫-১৬ বছরের আন্দোলনে, নিঃসন্দেহে তাদের সেই অবদানকেও মূল্যায়ন করা হবে।

“সেক্ষেত্রে আপনারা জানেন, অনেক মহিলা নেত্রী আমাদের, তাদের নামে মিথ্যা মামলা হয়েছে, তারা শর্টগানের গুলি খেয়েছেন, তাদের বাড়িতে ভাঙচুর করা হয়েছে, তাদের সন্তানদের ধরে নিয়ে যাওয়া হয়েছে শুধুমাত্র রাজনীতি করার কারণে এবং রাজনৈতিক আদর্শের কারণে, এই পৈশাচিক বিভীষিকা তো ১৬/১৭ বছর ধরেই চলেছে। দল এসব বিষয় বিবেচনা করবে।”

তিনি বলেন, “এর বাইরে পাশাপাশি সংসদে কথা বলা এবং আইন প্রণয়নের ব্যাপারে যে জ্ঞান থাকা দরকার, যে শিক্ষা থাকা দরকার, এই বিষয়গুলো এখানে বিবেচিত হবে বলে আমি মনে করি। সবকিছু বিবেচনা করেই আমাদের যে মনোনয়ন বোর্ড, তারা চূড়ান্ত করবেন, কারা মহিলা সংসদ সদস্য হবেন?”