ভারতের সঙ্গে বিএনপির বৈরি সম্পর্ক ক্ষতি ডেকে এনেছিল: কাদের
কাদের বলেছেন, অতীতের মত আগামীতেও প্রতিবেশী দেশটির সঙ্গে সুন্দর সম্পর্ক রেখে চলতে চায় আওয়ামী লীগ
বিএনপি তাদের শাসনামলে ভারতের সঙ্গে বৈরি সম্পর্ক তৈরি করে দেশের ‘ক্ষতি ডেকে এনেছিল’ বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেছেন, আওয়ামী লীগ অতীতের মত আগামীতেও প্রতিবেশী দেশটির সঙ্গে সুন্দর সম্পর্ক রেখে চলতে চায়।
বৃহস্পতিবার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভায় কথা বলছিলেন কাদের।
তিনি বলেন, "বিএনপি ভারতের সঙ্গে বৈরি সম্পর্ক তৈরি করে দেশের ক্ষতি করেছিল, যা আমরা করতে চাই না। ভারতের সঙ্গে আমাদের সুন্দর কূটনৈতিক সম্পর্ক থাকবে, এটাই আমরা চাই। মিয়ানমার ছাড়া আমাদের তিন দিক ভারতবেষ্টিত। তাই যেকোনো সমস্যার সমাধান করব আলোচনার মাধ্যমে।"
বাংলাদেশ-ভারতের মধ্যে অতীতের সীমান্ত সমস্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাধান করেছেন বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।
"পৃথিবীর কোথাও কখনো শান্তিপূর্ণভাবে ছিটমহল সমস্যার সমাধান হয়নি। কিন্তু আমাদের দেশে তা শান্তিপূর্ণভাবে হয়েছে, কারণ আমরা সুন্দর সম্পর্ক বজায় রাখতে চাই। সম্পর্ক বন্ধুত্বপূর্ণ থাকলে আলোচনার মাধ্যমে যেকোনো সমস্যার সমাধান করা যায়। অথচ জিয়াউর রহমান, খালেদা জিয়া তা করেননি। খালেদা জিয়া তো ভারতে গিয়ে গঙ্গার পানিচুক্তির কথা বলতেই ভুলে গিয়েছিলেন।"
ওবায়দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত যৌথসভায় বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সমাজকল্যাণমন্ত্রী দীপু মনি, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিমসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
