২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শহীদ মিনারে ‘নতুন বাংলাদেশের ইশতেহার' ঘোষণা করবে এনসিপি

শহীদ মিনার থেকে জুলাই ঘোষণাপত্র ও সনদ বাস্তবায়নের দাবিতে পরবর্তী কর্মসূচিও ঘোষণা করবেন নাহিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2025, 02:35 PM

Updated : 26 Aug 2026, 01:29 PM

জুলাই অভ্যুত্থানের সামনের সারির নেতাদের হাত ধরে গড়ে ওঠা জাতীয় নাগরিক পার্টি-এনসিপি মাসব্যাপী পদযাত্রা শেষে এখন ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা করতে চলেছে।

শনিবার দলের ফেইসবুকে এক পোস্টে বলা হয়েছে, দলের এই ইশতেহার ঘোষণা করা হবে রোববার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে, যেখান থেকে গেল বছর সরকার পতনের এক দফার ডাক এসেছিল।

পোস্টে বলা হয়েছে, “আগামীকাল ৩ অগাস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা দেওয়া হবে। ইতিহাসের এই সন্ধিক্ষণে দেখা হচ্ছে আপনাদের সাথে।”

নেতাকর্মীদের উদ্দেশ্যে দেওয়া এক বার্তায় এনসিপি বলেছে, বিপুল আগ্রহ ও জনসমাগমের মাধ্যমে এনসিপি তার মাসব্যাপী ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি সম্পন্ন করেছে। 

“বিগত জুলাই মাসজুড়ে এই বাংলাদেশের অসংখ্য জনপদে, গ্রামে-গঞ্জে, শহরে-নগরে এনসিপি গিয়েছে। কথা বলেছে শ্রমিক, কৃষক, দিনমজুর, গৃহিণীসহ এদেশের বিভিন্ন পেশাজীবী মানুষের সঙ্গে। সেখানে এনসিপি'র নেতারা প্রতিশ্রুতি দিয়েছিলেন, পদযাত্রা শেষে জনগণের কাছে এই কথাগুলো তারা তুলে ধরবেন। ঘোষণা করবেন নতুন বাংলাদেশের প্রতিশ্রুতি।

“সে লক্ষ্যে ২০২৪ সালের তিন অগাস্ট যেখানে হাসিনা সরকারকে পদত্যাগের এক দফার ঘোষণা হয়েছিল, সেই শহীদ মিনারেই রোববার এক দফার ঘোষক নাহিদ ইসলাম আসছেন এনসিপিকে নিয়ে।”

ওই বার্তায় আরও বলা হয়েছে হয়েছে, গেল একমাস ধরে পাওয়া এদেশের নাগরিকদের ভাবনা, তাদের চাওয়া-পাওয়া, আগামীর বাংলাদেশ বিনির্মাণে এনসিপির প্রতিশ্রুতি ঘোষণা করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

সেই সঙ্গে জুলাই ঘোষণাপত্র ও সনদ বাস্তবায়নের দাবিতে পরবর্তী কর্মসূচিও ঘোষণা করবেন তিনি।

রোববার সারাদেশের নেতাকর্মীদের শহীদ মিনারে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়ে দলের পক্ষ থেকে বলা হয়েছে, ৩ অগাস্ট হতে যাচ্ছে বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক দিন। 

“তাই ৬৪ জেলা থেকে এনসিপির নেতাকর্মীদেরও সেদিন উপস্থিত থাকার আহ্বান রইলো।”

প্রতিটি জেলা, উপজেলার সমন্বয় কমিটিকে নিজ নিজ অঞ্চল তত্ত্বাবধায়কের সঙ্গে সমন্বয় করে এই অনুষ্ঠান সফলভাবে বাস্তবায়ন করার নির্দেশনাও দেওয়া হয়েছে দলের পক্ষ থেকে।