২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি কোথাও মব করেনি: রিজভী

“বিশুদ্ধ কাজের স্বপক্ষের একজন মানুষ জনাব তারেক রহমান,” বলেন তিনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2025, 05:39 PM

Updated : 26 Aug 2026, 02:13 PM

বিএনপি ‘উশৃঙ্খল জনতাতন্ত্রে’ বিশ্বাসী নয় বলে মন্তব্য করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেছেন, “আমরা কোনো মব সংস্কৃতিতে বিশ্বাস করি না। কে রাজনীতি করবে, না করবে- এটা আইনের ব্যাপার, ওটা সরকারের ব্যাপার।

“বিএনপি কোথাও কোনো মব সংস্কৃতি তৈরিও করেনি, উশৃঙ্খল জনতাতন্ত্রে বিশ্বাসী নয় বিএনপি; বিএনপি কখনো কোনো অবস্থাতে বেআইনি কোনো ধরনের অত্যাচার-নির্যাতন-নিপীড়নে বিশ্বাসী নয়।”

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। এ সভা আয়োজন করে উত্তরাঞ্চল ছাত্র ফোরাম।

এক-এগারোর সময়ে গ্রেপ্তার হয়ে ১৮ মাস কারান্তরীণ থাকার পরে ২০০৮ সালে ৩ সেপ্টেম্বর উচ্চ আদালতের জামিনে মুক্তি পান তারেক রহমান।

রুহুল কবির রিজভী বলেন, “তাকে (তারেক রহমান) কারাগারে নেওয়ার উদ্দেশ্য ছিল- এই জাতিকে পরাভূত রাখা এবং এইখানে তাদের প্রতিভূতি- দেশটাকে শাসন করা; আমাদের অর্থনীতি, আমাদের সংস্কৃতি আমাদের সবার উপর প্রভুত্ব অর্জন করবে পার্শ্ববর্তী দেশ। সেইজন্যই তারেক রহমানের উপর অত্যাচার করা হয়েছে।

“দেখুন আমরা বিএনপির পক্ষ থেকে আলোচনা করতাম, উনার নামে ক্রোড়পত্র হতো; কিন্তু এসব করতে উনি নিষেধ করেছেন। উনি বলেছেন, ‘না এগুলো করবেন না, এখনো তো আমি বেঁচে আছি, আমার সাফল্য আমার কাজের উপরে; এসব করার দরকার নেই’। আমি বলব, বিশুদ্ধ কাজের স্বপক্ষের একজন মানুষ জনাব তারেক রহমান। আমি তার দীর্ঘায়ু কামনা করছি।”

জাতীয় পার্টির ভূমিকা নিয়ে প্রশ্ন

রিজভী বলেন, “জাতীয় পার্টি কী ভূমিকা রেখেছে? আরও অন্যান্য রাজনৈতিক দলের ভূমিকা কী ছিল? ওই ভয়ংকর রক্ত পিপাসু শেখ হাসিনার আওয়ামী ফ্যাসিবাদকে কারা রক্ষা করেছে? কারা ১৬ বছর জনগণের লক্ষ কোটি টাকা পাচারের সুবিধা করে দিয়েছে, কারা এই দেশকে আওয়ামী ভয়ংকর স্বেচ্ছাতন্ত্রকে প্রতিষ্ঠিত করার সিল দেওয়ার দায়িত্ব পালন করছে? তার মধ্যে একটি হচ্ছে জাতীয় পার্টি।

“আপনারা একটা কুলিং টাইম চান যে, শেখ হাসিনা নাকি ২০০৮-০৯ সালে ক্ষমতায় এসে দুই বছর একটা কুলিং টাইম দিয়েছিলেন, তারপরে টর্চার শুরু করেছিলেন। আমরা বলতে চাই, বিএনপি কখনো টর্চারে বিশ্বাস করে না।”

তিনি বলেন, “দেখলাম পত্রিকায় জাতীয় পার্টির মহাসচিব শামীম পাটোয়ারী বলছেন যে, এখন জাতীয় পার্টির দায় দিতে হবে বিএনপিকে। ভাই, বিএনপি তো রাষ্ট্র ক্ষমতায় নেই। এখনো তো আবাধ সুষ্ঠু নির্বাচন হয়নি। আপনি কিসের দায় নেওয়ার কথা বলছেন? আপনারা কারা?

“যখন ইলিয়াস আলী গুম হয়, তখন কোথায় ছিলেন? যখন চৌধুরী আলম গুম হয়, তখন জাতীয় পার্টি কোথায় ছিল? যখন সাইফুল ইসলাম হীরু গুম হয়, তখন জাতীয় পার্টি কোথায় ছিল? যখন সুমন গুম হয়, জাকির গুম হয়, ছাত্রনেতারা-যুবনেতারা- তখন জাতীয় পার্টি কোথায় ছিল? 

“২০১৪ এর নির্বাচনে ভোট কেন্দ্রে কোনো ভোটার নেই, সেখানে কুকুর-বিড়াল-গরু-ছাগল ঘুরে বেড়াচ্ছে- সেই নির্বাচনে যাব, না যাব না- করতে করতে আপনারা গেলেন…ওই সময়গুলোতে জাতীয় পার্টি কী ভূমিকা রেখেছে জনগণ তা জানে।

রিজভী বলেন, “২০২৪ সালের (ভোটের) আগে জিএম কাদের সাহেব ভারতে গেলেন…আসার পর এখানে সাংবাদিকরা  প্রশ্ন করল- আপনার সাথে কী কথা হলো? বলছেন, ‘ওদের সাথে কথা হয়েছে, আমি ওদের পারমিশন ছাড়া কোনো কথা বলব না’। এই দল হলো- জাতীয় পার্টি “

‘কিছু মিডিয়াকে’ নিয়ে প্রশ্ন

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর খবরে দলের প্রতিষ্ঠাতার নামের আগে ‘শহীদ’ না লেখায় খেদ প্রকাশ করেন রিজভী।

তিনি বলেন, “আমরা সমালোচনা করছি, আমরা কিছু বলব না। কিন্তু আমাদের মনে, কোটি কোটি জাতীয়তাবাদী শক্তির মনে ওইসব সংবাদপত্রগুলো এতো বেদনা, এতো দুঃখ দিয়েছে- এটা কিন্তু আমরা ভুলব না।

“যে ব্যক্তিটি স্বাধীনতার ঘোষণা দিলেন, যে ব্যক্তিটি শেখ মুজিবের গণতন্ত্র হত্যা করার জায়গা থেকে গণতন্ত্রের মুক্তি দিলেন বহুদলীয় গণতন্ত্রে- তাকে জাতীয়, আন্তর্জাতিক চক্রান্তে শহীদ করা হলো; তার নামের আগে দিচ্ছেন ‘প্রয়াত’ জিয়া‌উর রহমান। ‘শহীদ’ কথাটা তার নামের আগে লাগান না, ‘স্বাধীনতার ঘোষক’ কথাটা লাগান না।”

রিজভী বলেন, “আমি সেই সমস্ত গণমাধ্যমকে বলব, আপনি শেখ হাসিনার আমলে ‘বঙ্গবন্ধু’ ছাড়া শেখ মুজিব রহমানের কোনো কথা বলতে পেরেছেন? যদি বলতেন, কারো অস্তিত্ব থাকতো না। জাতির পিতা ছাড়া কথা বলতে পেরেছেন? কথা বলতে পারেননি। বড় বড় হেড লাইন দিয়ে আপনারা ১৫ অগাস্ট পালন করেছেন নিজেরা। আর জিয়াউর রহমানকে ‘শহীদ’ বলতে আর ‘স্বাধীনতার ঘোষক’ বলতে আজকে আপনাদের লাগে।

“তার পরেও আমরা দেখছি, গণতন্ত্রে অনেকের অনেক মত প্রকাশ করার স্বাধীনতা আছে, মত প্রকাশ করতে পারে। কিন্তু আপনারা যে এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষকে, এদেশের জনগোষ্ঠীর মনে যে আপনারা আঘাত দিচ্ছেন- সেই সমস্ত পত্রিকা, গণমাধ্যমের সাংবাদিকদেরকে আমরা বলে রাখি, এই আঘাত কিন্তু মানুষ ভুলে যাবে না। 

“এই আঘাত তার মনের মধ্যেই রাখবে। এই ধরনের একজন শ্রেষ্ঠতম বীর মুক্তিযোদ্ধাকে এসব অভিধা দিয়ে আপনারা অপমানিত করেছেন তাকে। আজকে হাসিনা নেই। আমরা এটা দেখছি, পড়ছি। কিন্তু এই বিচার আমরা জনগণের উপর ছেড়ে দিলাম।”

উত্তরাঞ্চল ফোরামের প্রধান উপদেষ্টা আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেল, সদস্য মীর হেলাল, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য বেবী নাজনীন, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল খালেক, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গণি চৌধুরী।

আলোচনা সভার পর উত্তরাঞ্চল ফোরামের নতুন কমিটির পাঁচজনের নাম ঘোষণা করেন রিজভী। তারা হলেন- সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমতিয়াজ রাজা সৌরভ (কুড়িগ্রাম), সিনিয়র সহ-সভাপতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফারজানা আক্তার রিমি (বগুড়া), সাধারণ সম্পাদক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মুজাহিদুল হক (বগুড়া), সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোহাম্মদ আবির কাজী (বগুড়া) এবং সাংগঠনিক সম্পাদক সাউথ এশিয়ান ইউনিভার্সিটির নাঈম ইসলাম (রংপুর)।