২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জুলাই আন্দোলনে ইউনূসের মত ‘নৈতিক নেতৃত্ব’ হাফিজের ছিল না: প্রেস সচিব

ঢাকায় দুদিন আগে এক অনুষ্ঠানে মুহাম্মদ ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সমালোচনা করেন হাফিজ উদ্দিন আহমেদ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2025, 06:36 PM

Updated : 26 Aug 2026, 01:30 PM

জুলাই আন্দোলনের সময় মুহাম্মদ ইউনূসের মত ‘আন্তর্জাতিক তৎপরতা’ বা ‘নৈতিক নেতৃত্ব’ বিএনপি নেতা হাফিজ উদ্দিন আহমেদের ছিল না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। 

সোমবার এক ফেইসবুক পোস্টে বিএনপির স্থায়ী কমিটির সদস্যকে নিয়ে এমন মন্তব্য করেন তিনি। 

হাফিজ উদ্দিনকে নিয়ে কেন এমন মন্তব্য করলেন, ফেইসবুক পোস্টে তার কোনো ব্যাখ্যা দেননি প্রেস সচিব। তবে দুদিন আগে ঢাকায় এক অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে বক্তব্য দেন এ বিএনপি নেতা। 

সেদিন উপদেষ্টাদের উদ্দেশ করে তিনি বলেন, “বিদেশ থেকে ধার করে আনা আঁতেলরা আমাদের শেখাচ্ছে, কীভাবে দেশ চলবে? এদের অনেকে জানে না, ধান গাছের তক্তা হয় কি হয় না। কিন্তু আমাদেরকে লেকচার দিয়েই যাচ্ছে।”

প্রধান উপদেষ্টা কিংবা অন্যান্য উপদেষ্টা আওয়ামী লীগের ‘দুঃশাসনের’ বিরুদ্ধে কোনো কথা বলেননি— এমন মন্তব্যও করেন তিনি।

তার এসব মন্তব্যের দুদিন পর ফেইসবুক পোস্টে হাফিজ উদ্দিনের প্রসঙ্গ টানলেন প্রেস সচিব।

জুলাই আন্দোলনের কথা তুলে ধরে শফিকুল আলম লিখেছেন, “সেই সংকটময় মুহূর্তে আমরা হাফিজ উদ্দিনের মতো ব্যক্তিত্বদের কাছ থেকে একই ধরনের (মুহাম্মদ ইউনূসের মতো) আন্তর্জাতিক তৎপরতা কিংবা নৈতিক নেতৃত্ব শুনতে পাইনি।”

হাফিজ উদ্দিনকে উদ্দেশ করে তিনি আরও বলেন, “তিনি দীর্ঘদিন হাসিনার বিরোধিতা করেছিলেন। এছাড়া বিএনপির অনেকের মতো তিনিও শেখ হাসিনার শাসনামলে ব্যাপক নির্যাতন সহ্য করেছেন। 

“কিন্তু ২০২৪ সালের জুলাই মাসে, যখন বিশ্ব মঞ্চে আমাদের পক্ষে জোরালো কণ্ঠস্বরের প্রয়োজন ছিল, তখন মেজর হাফিজের কণ্ঠস্বর ততটা জোরালো কিংবা কার্যকর ছিল না।”