খালেদা জিয়ার অসুস্থতা কারাগারের ‘অপচিকিৎসার ফল’: মির্জা আব্বাস
“যখন শেখ হাসিনা দেশ থেকে চলে গেল এক-এগারোর সময়, দেশনেত্রী খালেদা জিয়া কিন্তু পালিয়ে যাননি,“ বলেন তিনি।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতাকে ‘কারাগারের অপচিকিৎসার ফল’ হিসেবে মন্তব্য করেছেন মির্জা আব্বাস।
রোববার বিকালে ঢাকার নয়া পল্টন এক দোয়া মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ মন্তব্য করেন।
তিনি বলেন, “যদি এক-এগারো না আসতো, যদি ওনার ওপরে ‘অপচিকিৎসা’ না করা হতো, আমাদের নেত্রীকে এ অবস্থায় পড়তে হতো না।
‘‘ফলে আমার নেত্রী আজ অসুস্থ হয়ে পড়েছেন, যাকে আজ আমাদের খুব প্রয়োজন। অত্যন্ত বেশি রকম প্রয়োজন জাতির জন্য। তার প্রমাণ দেখেন, এই দেশের সমস্ত লোকজন, নেতৃস্থানীয় সব ধর্মের হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সকলে মিলে তার জন্য দোয়া করছে। দেশনেত্রীর ভালোবাসার প্রতি তাদের অগাধ শ্রদ্ধা-ভালোবাসা প্রমাণিত হচ্ছে।’’
মির্জা আব্বাস বলেন, “সবাই আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমরা আমাদের মাকে ফেরত চাই। আল্লাহ নিশ্চয়ই মজলুমের কথা শোনেন।
“এই দোয়া যেন ফরমাল দোয়া না হয়। অন্তুরের অন্তস্থল থেকে দোয়া করতে হবে। সেই দোয়া যেন আল্লাহর আরশে গিয়ে পৌঁছে যে আমরা তার জন্য আবেদন করছি, তিনি যেন সুস্থ হয়ে ওঠেন।”
বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতায় এই দোয়া মাহফিল হয়।
মির্জা আব্বাস বলেন, ‘‘দেশনেত্রীকে নিয়ে আমরা গর্ব করি, অহংকার করছি না। দেশনেত্রী বলেছিলেন, বিদেশে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নাই।”
“যখন শেখ হাসিনা যখন দেশ থেকে চলে গেল ১/১১ এর সময়ে, সেই সময়ে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া পালিয়ে যাননি।“
স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, “খালেদা জিয়া জাতির অভিভাবক। রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করা হয়েছে তার জন্য দোয়া করার জন্য। রাষ্ট্রপতিও দেশবাসীকে দোয়া করার জন্য অনুরোধ করেছেন। আমার জানা মতে, সবাই ওনার আরোগ্যের জন্য আল্লাহর দরবারে হাত তুলছে।”
২৩ নভেম্বর রাতে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, তার ফুসফুসে ইনফেকশন হয়েছে।
এর মধ্যে বৃহস্পতিবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা ‘সংকটাময়’।
পরের দিন তিনি বলেন, উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়ার মতো শারীরিক অবস্থা নেই খালেদা জিয়ার।
