তারা কেবল সরকারি স্থাপনায় হামলাকে সামনে আনতে চায়: ফখরুল
“এই আন্দোলনের শত শত প্রাণ কেড়ে নিল, সেই ব্যাপারে তারা (সরকার) কোনো কথা বলছে না”, বলেন বিএনপি নেতা।
সরকারি চাকরিতে কোটা নিয়ে আন্দোলনে প্রাণ হারানোর বিষয়টি ঢেকে দিতেই সরকারি স্থাপনায় হামলার বিষয়টি সামনে আনা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সরকারি কোনো স্থাপনায় হামলায় বিএনপির কোনো সংশ্লিষ্টতা নেই দাবি করে তিনি বলেছেন, তার দল কখনো এমন কাজ করে না।
বুধবার বিকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিএনপি নেতা এসব মন্তব্য করেন। এবারের আন্দোলনকে ‘আই ওপেনার’ আখ্যা দিয়ে তিনি বলেন, ‘আন্দোলন থামবে না।’
গত কয়েকদিন ধরে বিএনপি মহাসচিব বিবৃতির মাধ্যমে দলের বক্তব্য উপস্থাপন করে আসছিলেন। কারফিউ ৭ ঘণ্টা শিথিল থাকার মধ্যে গণমাধ্যমের মুখোমুখি হয়ে মির্জা ফখরুল বলেন, “কত জন এই আন্দোলনে মারা গেছে, কত জন আহত হয়েছে এটা তারা(সরকার) জানাচ্ছে না। উদ্দেশ্য হচ্ছে যে, ওরা গোটা জাতিকে ভ্রান্ত ধারণা দিতে চায়।
“এই আন্দোলনের শত শত প্রাণ কেড়ে নিল, সেই ব্যাপারে তারা (সরকার) কোনো কথা বলছে না। পুলিশের গুলিতে যে মানুষকে প্রাণ দিতে হয়েছে সেটার ব্যাপারে কিছু বলছে না। আজকে বলছে যে, যদি কেউ আহত হয়ে থাকে তাহলে সেটাকে দেখে প্রয়োজনে চিকিৎসা দেওয়ার চেষ্টা করবে। অথচ এটা সম্পূর্ণভাবে সরকারের দায়িত্ব যে, যদি এই ধরনের ঘটনায় কেউ আহত হয়, তার চিকিৎসার ব্যবস্থা সরকারকেই করতে হবে।”
বিএনপি নেতা বলেন, “বিষয়টা পুরোপুরি বাদ দিয়ে শুধুমাত্র সরকারি স্থাপনায় হামলা-ভাঙচুরের যেসব ঘটনা ঘটেছে সেগুলো সামনে আনতে চায়। এখানে বিএনপির ওপর দোষ চাপাতে চায়।”
সরকারি চাকরিতে কোটা নিয়ে আন্দোলনে গত ১৮ জুলাই তোলপাড় হয় সারা দেশে। পুলিশের সঙ্গে সংঘর্ষের মধ্যে গুলিতে ঢাকায় বেশ কিছু ছাত্রের মৃত্যুর পর বিকাল থেকে পরিস্থিতি সহিংস হয়ে উঠে। আক্রমণ হয় বিটিভি, সেতু ভবন, স্বাস্থ্য অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ভবন, মেট্রো স্টেশন, এলিভেটেড এক্সপ্রেসওয়েসহ রাষ্ট্রীয় স্থাপনায়। আগুন ধরিয়ে দেওয়ার পর ফায়ার সার্ভিসকে ঘটনাস্থলে আসতে বাধাও দেওয়া হয়েছে।
নরসিংদীতে কারাগারে হামলা করে ৮৫টি আগ্নেয়াস্ত্র ও সাড়ে আট হাজার গুলি ছিনিয়ে নেওয়া হয়। সব বন্দিকে পালিয়ে যেতে বাধ্য করা হয়।
শুক্রবারও ঢাকায় যাত্রাবাড়ী, রামপুরা, মোহাম্মদপুর, উত্তরা, মিরপুর, মহাখালীতে আক্রমণ-পাল্টা আক্রমণের মধ্যে মধ্যরাত থেকে জারি হয় কারফিউ। এর মধ্যেও সহিংসতা চলতে থাকে বিভিন্ন এলাকায়। তবে সোমবার থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
বৃহস্পতি থেকে সোমবারের মধ্যে সারা দেশে সহিংসতায় ১৭৪ জনেরও বেশি মানুষের মৃত্যুর তথ্য এসেছে গণমাধ্যমে। নিহতদের মধ্যে আছে কয়েকটি শিশুও।
সংঘাত থামার পর সহিংসতার জন্য সরকারের পক্ষ থেকে বিএনপি-জামায়াতকে দায়ী করে বক্তব্য আসে।
নাশকতার অভিযোগকে ভিত্তিহীন দাবি করে ফখরুল বলেন, “আন্দোলনের সঙ্গে থাকা আর নাশকতার মদদ দেওয়া এক জিনিস নাকি? নাশকতার মদদ তো দিচ্ছেন তারা (সরকার)। তারা চাচ্ছেন যে এখানে নাশকতা হোক, প্রবলেম হোক।
“৪০ বছরের ইতিহাসে নাই যে, বিএনপি রাষ্ট্রীয় স্থাপনার ওপরে আক্রমণ করেছে, সেখানে কোনো সমস্যা তৈরি করেছে…. আপনি পাবেন না খুঁজে। আজ পর্যন্ত যত আন্দোলন হয়েছে কোথাও কোনো রকমের রাষ্ট্রীয় স্থাপনার ওপরে বিএনপি কখনও আক্রমণ করে নাই।”
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্যবসায়ীদের সভায় নাশকতার যে ভিডিও দেখানো হয়েছে, সেখানে ‘সম্পূর্ণ মিথ্যাচার’ করা হয়েছে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, “চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ক্ষমতাসীন শ্রমিক লীগের একজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে যে, তাকে টাকা দেয়া হয়েছিল বিআরটিসির বাসে আগুন লাগানোর জন্য।”
বিএনপির প্রায় দুই হাজার নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে অভিযোগ করে তাদের নিঃশর্ত মুক্তির দাবিও জানান ফখরুল।
আন্দোলন তো ‘আই ওপেনার’ মাত্র
আন্দোলন শেষ হয়েছি কি না, সাংবাদিকদের এই প্রশ্নে বিএনপি মহাসচিব বলেন, “না এটা (আন্দোলন শেষ হওয়া) কখনো হয়নি, অতীতেও হয়নি। আপনি যদি অতীতের ইতিহাস দেখেন, পাকিস্তান আমলের ইতিহাস দেখেন, সেখানেও দেখবেন বহুবার আন্দোলন এসেছে, আন্দোলন এক পর্যায়ে হয়ত সেটা স্তিমিত হয়েছে, তারপরে কিন্তু আন্দোলন আরও বেগবান হয়েছে।
“এবারকার আন্দোলন তো একটা ‘আই ওপেনার’। এবারকার আন্দোলনে সমস্ত মানুষ… সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছে। আপনারা নিজেরাও অনেক রিপোর্ট করেছেন। এক বাচ্চা ছেলে ১৫/১৬ বছর বয়স, সে তার মায়ের কাছে বলে চলে এসেছে যে, ‘আমি যাব, সাধারণ মানুষ বেরিয়ে এসেছে, ওদের সঙ্গে আমাদের যেতে হবে’।
“কারণ আমার রুটি-রুজির ব্যাপার আছে… জিনিসপত্রের দাম যেভাবে বেড়েছে আমরা কুলিয়ে উঠতে পারছি না। সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।”
ফখরুল বলেন, “কোটা আন্দোলন শিক্ষার্থীদের ছিল, অন্যদিকে সরকারের ‘চরম ব্যর্থতা’ সর্বক্ষেত্রে; অর্থনৈতিক ক্ষেত্রে, দুর্নীতি দমনের ক্ষেত্রে… দুর্নীতি তারা নিজেরাই করে সবখানে। রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠা করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে তারা। সেই কারণেই জনগণের পুঞ্জীভূত যে ক্ষোভ, তারই বহিঃপ্রকাশ হয়েছে এই আন্দোলনের মধ্য দিয়েছে।
“হ্যাঁ সাময়িকভাবে সেনাবাহিনী নামিয়ে, দমনপীড়ন করে, নির্যাতন-নিপীড়ন করে, তারা এটাকে হয়ত থামিয়ে দিতে পারে। এটার যদি রাজনৈতিক সমাধান না করে তাহলে কিন্তু কখনও এটার শেষ সমাধান হবে না।”
রাজনৈতিক সমাধানটা কি প্রশ্ন করা হলে মির্জা ফখরুল স্পষ্টভাষায় বলেন, ‘‘রাজনৈতিক সমাধান হচ্ছে সরকারকে পদত্যাগ করতে হবে এবং নিরপেক্ষ সরকারের অধীনে একটা নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে।”
‘কারফিউ প্রত্যাহার চাই’
মির্জা ফখরুল বলেন, “আমরা প্রথম দিন থেকে বলে আসছি, আমরা কারফিউ প্রত্যাহার চাই। জনগণের শান্তির স্বার্থে কারফিউ অবশ্যই প্রত্যাহার করা উচিত।”
জনগণ যাতে সত্য না জানতে পারে সেজন্য সরকার ইন্টারনেট পরিষেবা ও সামাজিক মাধ্যম বন্ধ করে রেখেছে বলেও মন্তব্য করেন তিনি।
“যদি বলছে তারা ইন্টারনেট পরিষেবা চালু করেছে, কিন্তু এখন পর্যন্ত পুরোপুরি সুরাহা করতে পারেনি। এতে (ইন্টারনেট বন্ধ) করে যে কেবল সংবাদ মাধ্যমের কষ্ট হয়েছে বা সাধারণ মানুষের কষ্ট হয়েছে তা না, ব্যবসা-বাণিজ্যেরও প্রভূত ক্ষতি হয়েছে।”
‘আন্দোলনকারীদের সব দাবি পূরণ হয়নি’
কোটা নিয়ে আন্দোলনকারীদের কথা তুলে ধরে ফখরুল বলেন, “তাদের দাবি ৮ দফা, সেগুলো কিন্তু এখনো পূরণ হয়নি।”
ছাত্ররা দাবি নিয়ে মাঠে নামার পর সরকার যদি শিক্ষার্থী ও অংশীজনদের সঙ্গে কথা বলত, তাহলে তা এতদূর পর্যন্ত গড়াত না বলেও মন্তব্য করেন তিনি।
জনগণের সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই, জনগণের প্রতি কোনো জবাবদিহিতা নেই দাবি করে তিনি বলেন, “সে কারণে তারা জনগণের ‘চোখের ভাষা’, ‘মনের কথা’ কখনো বুঝতে পারে না।”
‘সত্য কথা বললেই রাষ্ট্রবিরোধী হয়ে যায়’
ছাত্রদের আন্দোলনের সময় বিশ্ব নেতাদেরকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূস আহ্বান জানানোর পর সরকারি দলের প্রতিক্রিয়া নিয়েও কথা বলেন ফখরুল।
তিনি বলেন, “ড. ইউনূস সম্পর্কে আজকে নয়, বহুদিন ধরে তারা তার ভাবমূর্তি বিনষ্ট ও তাকে হেয়প্রতিপন্ন করছে, তার বিরুদ্ধে মামলা দিয়েছে, সাজাও দিয়েছে।
“তিনি নাকি রাষ্ট্রদ্রোহী বক্তব্য দিয়েছেন বলে বলা হচ্ছে। সত্য কথা বললেই রাষ্ট্রবিরোধী হয়ে যায়, সত্য কথা বললে গণবিরোধী হবে।”
“গণবিরোধী তো হচ্ছে আওয়ামী লীগ, আসল রাষ্ট্রবিরোধী হচ্ছে আওয়ামী লীগ। গত ১৫ বছর যাবৎ তারা যতগুলো কাজ করেছে, সবগুলো এই রাষ্ট্রের বিরুদ্ধে গেছে, সবগুলো জনগণের বিরুদ্ধে গেছে”, বলেন বিএনপি নেতা।
