৫ দিনের চীন সফরে বিএনপির প্রতিনিধি দল
এই সফরে তারা চীনের কমিউনিস্ট পার্টির শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে বৈঠক করবেন।
চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে ৯ সদস্যের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল নিয়ে বেইজিংয়ের উদ্দেশে রওনা হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রাত সোয়া ১০টার দিকে হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার চায়নার একটি ফ্লাইটে তাদের রওনা হওয়ার কথা বলছেন বিএনপি মহাসচিবের একান্ত সহকারী ইউনুস আলী।
তিনি বলেন, “স্যারসহ (বিএনপি মহাসচিব) ৯ সদস্যের প্রতিনিধিদলের সদস্যরা চীনের উদ্দেশ্যে রওনা হয়েছেন।”
বিমানবন্দরে বিএনপি প্রতিনিধিদলকে বিদায় জানান ঢাকার চীনের দূতাবাসের কর্মকর্তারা।
বিএনপির প্রতিনিধি দলে রয়েছেন— দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিহউল্লাহ, অধ্যাপক সুকোমল বড়ুয়া, জহির উদ্দিন স্বপন, মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেল ও চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার।
পাঁচ দিনের এই সফরে তারা চীনের কমিউনিস্ট পার্টির শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক করবেন।
আগামী ২৭ জুন রাতে বিএনপির প্রতিনিধি দল দেশে ফিরবে।
