Published : 09 Jul 2026, 08:36 PM
জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ফাঁসির দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত আনার প্রক্রিয়া চলমান থাকার কথা বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বিষয়ে এক প্রশ্নে তিনি সাংবাদিকদের বলেন, “দেখুন, এটাতে সময় লাগে। আমরা প্রক্রিয়াটা চলমান রেখেছি, তার মধ্যে প্রক্রিয়া শুরু হয়েছে অন্তর্বর্তী সরকারের সময়। তার মধ্যে বাংলাদেশের নির্বাচন হয়েছে, নতুন সরকার গঠন হয়েছে, সরকার আসার পরে প্রক্রিয়াটি আবার সচল হয়েছে।
“তো, প্রক্রিয়াটাই সময় লাগে। সেটা চলমান আছে। সেখানে কূটনীতির কোনো ঘাটতি নেই, চলমান আছে।”
শেখ হাসিনাকে ফেরত আনার ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা থাকার কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, “স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এটা নিয়ে উনারাও কাজ করছেন। প্রক্রিয়াটা চলমান আছে।”
চলতি বছরের মধ্যে দেশে ফেরার বিষয়ে আওয়ামী সভাপতি যে বক্তব্য দিয়েছেন, সেটা বাংলাদেশের জন্য প্রাসঙ্গিক নয় বলে মন্তব্য করে তিনি বলেন, “বাংলাদেশের আদালত একজনকে সাজা দিয়েছে, সাজাপ্রাপ্ত আসামী, যিনি বাংলাদেশে বহু অন্যায়, অত্যাচার ও কুকর্ম করে উনি বিদেশে পালিয়ে আছেন।
“তো, এখানে শেখ হাসিনা কী বলছে, না বলছে উনার বক্তব্যতো এখানে প্রাসঙ্গিক না, একেবারে প্রাসঙ্গিক না।”
ফেরানোর প্রক্রিয়া চলমান থাকার কথা তুলে ধরে আরেক প্রশ্নে শামা ওবায়েদ বলেন, “বাংলাদেশ সরকার ভারতের সরকারের সাথে, ইন্টারিমের সময় যে যোগাযোগটা শুরু হয়েছে, সেই কূটনৈতিক চ্যানেলে সেটা চলমান আছে।
“এবং ওই প্রপার চ্যানেলে যখন বন্দি বিনিময় চুক্তির আওতায় বা একজন আসামিকে যখন ফেরত আনা হয়, যেই প্রোটোকল আছে, যে নর্মস আছে, সেই নর্মস অনুযায়ী উনাকে এনে এখানে বিচার করা হবে।”
শেখ হাসিনাকে ফেরত এনে বিচার করা ‘বাংলাদেশের জনগণ চায়’ মন্তব্য করে তিনি বলেন, “এখানে যে অন্যায়গুলো হয়েছে, যেই দুর্নীতি হয়েছে, খুন-গুম হয়েছে, সেগুলোর একটি সুষ্ঠু, স্বচ্ছ বিচার বাংলাদেশের মাটিতে হবে।

“ভারত সরকারের সাথে সেই প্রক্রিয়া চলমান আছে। সেটা আমরা আগেই বলেছি। এখন যিনি আসামি তার বক্তব্যটা এখানে প্রাসঙ্গিক না।”
সাবেক প্রধানমন্ত্রীকে ফেরানোর ক্ষেত্রে কোনো আইনি জটিলতা আছে কি না, এমন প্রশ্নে তিনি বলেন, “আইনি জটিলতা আছে কি নাই, আমাদের আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেটা খুটিয়ে দেখবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের যে প্রক্রিয়া আমাদের চালানো দরকার, সে প্রক্রিয়া আমরা চালাচ্ছি, সেটাতে কোনো ঘাটতি আমি দেখছি না।”
পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিভিন্ন পদে রদবদল প্রসঙ্গে এক প্রশ্নে প্রতিমন্ত্রী বলেন, “সরকারের বিভিন্ন মন্ত্রণালয় পরিবর্তন হবে, রদবদল হবে, নতুন লোক আসবে, সেটাতো চলমান প্রক্রিয়া। এটাতো কোনো নতুন কিছু না।
“সরকার থেকে একটা আপনাদের স্টেটমেন্ট যাবে, সরকার থেকে প্রকাশ করা হবে, তখনই আপনারা জানতে পারবেন, কেন, কোথায়, কীভাবে, কোন কারণে রদবদল হচ্ছে। কাজেই, এটা চলমান প্রক্রিয়া।”
দেশের প্রতি আন্তরিকতা, ব্যক্তির দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে যেকোন মন্ত্রণালয়ে নিয়োগ ও রদবদল করা হচ্ছে বলে দাবি করেন তিনি।