চিনির ট্রাক ছিনতাই চেষ্টা: সিলেট বিএনপির দুই নেতা বহিষ্কার
সিলেটের ওসমানী নগরে চোরাচালানের চিনি ছিনতাই চেষ্টার অভিযোগে তাদের গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
চোরাচালানের চিনি ছিনতাই চেষ্টার অভিযোগে গ্রেপ্তার সিলেট বিএনপির দুই নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে দলটি।
ওই দুজন হলেন- সিলেট মহানগরীর ২৫ নম্বর ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক মো. সোলেমান হোসেন সুমন এবং ২৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. আবদুল মান্নান।
মঙ্গলবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কারের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থি অনৈতিক কার্যকলাপের জন্য বিএনপির প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে তাদের স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।”
সিলেটের ওসমানী নগর উপজেলায় রোববার রাতে বালুর ট্রাকে করে নিয়ে যাওয়া হচ্ছিল চোরাচালানের চিনি। ট্রাকসহ ওই চিনি ছিনতাই চেষ্টার অভিযোগে উপজেলার সাদিপুর সেতুর উত্তরপাড় ইব্রাহীমপুর এলাকা থেকে সোলেমান ও মান্নানসহ ছয়জনকে আটক করে পুলিশ।
পরে ওই দুজনের বিরুদ্ধে ছিনতাই চেষ্টার মামলা এবং বাকি চারজনের বিরুদ্ধে চোরাচালান দমন আইনে পৃথক দুটি মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়।
পরদিন সোমবার দুই নেতাকে বহিষ্কার করে সিলেট মহানগর বিএনপি। এবার তারা দল থেকে স্থায়ী বহিষ্কার হলেন।
আরও পড়ুন-
