২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফাহমিদার রিট আবেদনের সঙ্গে একমত 'অপরাজেয় ৭১-অদম্য ২৪'

"ফরহাদের অবস্থান মুক্তিযুদ্ধবিরোধী এবং তিনি নিষিদ্ধ ছাত্রলীগে সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলেন; তার পদত্যাগের প্রমাণও আমরা পাইনি,” বলেন অদিতি।

ফাহমিদার রিট আবেদনের সঙ্গে একমত 'অপরাজেয় ৭১-অদম্য ২৪'
ডাকসু ভবনের সামনে সোমবার সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে ‘অপরাজেয় ৭১-অদম্য ২৪' প্যানেল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2025, 10:13 PM

Updated : 26 Aug 2026, 02:13 PM

ডাকসু নির্বাচন নিয়ে বিএম ফাহমিদা আলমের রিট আবেদনের ‘নৈতিক ভিত্তির সঙ্গে একমত’ পোষণ করেছে ‘অপরাজেয় ৭১-অদম্য ২৪' প্যানেল।

বামপন্থি তিন ছাত্র সংগঠন সমর্থিত প্যানেলটি বলছে, ফাহমিদা আলম ব্যক্তিগতভাবে রিট আবেদনটি করেছেন। প্যানেলের সঙ্গে আগে থেকে এ বিষয়ে তার কোনো আলাপ হয়নি।

ব্যক্তিগতভাবে যেকোনো ব্যক্তির এ ধরনের রিট আবেদন করার অধিকার রয়েছে বলেও মনে করে প্যানেলটি।

সোমবার সন্ধ্যায় ডাকসু ভবনের সামনে সংবাদ সম্মেলনে এসে এ প্যানেলের এজিএস প্রার্থী অদিতি ইসলাম বলেন, "ডাকসু নির্বাচন স্থগিতে হাই কোর্টের রায় 'অতি-আশ্চর্যজনক'।"

‘অপরাজেয় ৭১-অদম্য ২৪' প্যানেলটি তিন বামপন্থি সংগঠনের হলেও ফাহমিদা 'স্বতন্ত্র' হিসেবেই এতে যুক্ত আছেন এবং তিনি কোনো দলীয় রাজনীতির সঙ্গে যুক্ত নন।

অদিতি ইসলাম বলেন, "ফাহমিদা যে নৈতিক ভিত্তি থেকে এই রিট করেছেন, তা ঠিক আছে এবং এর সঙ্গে আমরা একমত। যারা ৭১ এবং ২৪ কে ধারণ করেন, তারা এর সঙ্গে একমত বলেই আমরা মনে করি।"

ছাত্রশিবির প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে রোববার হাই কোর্টে রিট আবেদনটি করেন ‘অপরাজেয় ৭১, অদম্য ২৪’ প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক প্রার্থী বি এম ফাহমিদা আলম।

৫ অগাস্টের আগে এস এম ফরহাদ ‘ছাত্রলীগের কমিটিতে’ ছিলেন, এর পরও তিনি কীভাবে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী হলেন, এমন প্রশ্ন তুলে তার প্রার্থিতা চ্যালেঞ্জ করা হয় রিট আবেদনে।

সোমবার তার রিট আবেদনের শুনানি নিয়ে হাই কোর্ট আগামী ৩০ অক্টোবর পর্যন্ত ডাকসু নির্বাচন স্থগিত করে এবং আদেশের ১৫ দিনের মধ্যে জিএস প্রার্থী এস এম ফরহাদের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার আদেশ দেয়  বিশ্ববিদ্যালয়ের নির্বাচনি ট্রাইব্যুনালকে।

ওই আদেশের পর শিক্ষার্থীরা তীব্র প্রতিক্রিয়া দেখালে আপিল বিভাগের চেম্বার আদালতে যায় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। চেম্বার আদালত হাই কোর্টের আদেশ স্থগিত করায় নির্বাচনের ‘বাধা’ কেটে যায়।

ওই রিট আবেদনে নির্বাচন স্থগিত করতে হবে- এমন কিছু নেই মন্তব্য করে সংবাদ সম্মেলনে অদিতি ইসলাম বলেন, “এস এম ফরহাদের মুক্তিযুদ্ধবিরোধী অবস্থানের কারণে ফাহমিদা রিট আবেদনটি করেছেন।

"ফাহমিদা আলম এই রিট করার পর থেকে তাকে যে বুলিং করা হচ্ছে, 'আলী হোসেন' নামে একটি একাউন্ট থেকে ফাহমিদাকে 'গণধর্ষণের' হুমকি দেওয়া হয়েছে। মব তৈরির চেষ্টা হচ্ছে।”

তিনি বলেন, "আমরা আগেও প্রশাসনকে নিরাপত্তা নিশ্চিত করার কথা বলেছি, তারা সেটি করেননি। নারীর জন্য 'লেভেল প্লেয়িং ফিল্ড' করতে পারেননি। আমরা বার বার প্রশাসনের কাছে নিরাপত্তার যে দাবি তুলেছি, তা হয়নি।"

হাই কোর্ট ও চেম্বার আদালতের আদেশ আসার আগে এদিন সকালে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে আসেন ফাহমিদা, যেখানে তিনি রিট আবেদন করার কারণ তুলে ধরেন।

তিনি বলেন, "ফরহাদের অবস্থান বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এবং ফরহাদ নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলেন, তার কোনো পদত্যাগের প্রমাণ আমরা পাইনি।

"টিএসসিতে তারা রাজাকারদের ছবি টাঙিয়েছিল। তাদেরকে জাতীয় বীর হিসেবে প্রতিষ্ঠিত করার যে প্রচেষ্টা ছিল, সেটি ডাকসুর মূল লক্ষ্য ও উদ্দেশ্যের পরিপন্থি।"

এ রিট আবেদন ডাকসু নির্বাচন বানচাল করার জন্য নয় বলেও মন্তব্য করেছিলেন ফাহমিদা। 

সোমবার সন্ধ্যায় ‘অপরাজেয় ৭১-অদম্য ২৪' প্যানেলের সংবাদ সম্মেলনে অবশ্য ফাহমিদাকে দেখা যায়নি। 

ফাহমিদার করা রিট আবেদনের শুনানি মঙ্গলবার বিচারপতি হাবিবুল গণির হাই কোর্ট বেঞ্চে হতে পারে।

রিটকারীর পক্ষে শুনানি করবেন জ্যোর্তিময় বড়ুয়া। এস এম ফরহাদের পক্ষে শুনানি করবেন মোহাম্মদ শিশির মনির।

ডাকসু নির্বাচন হবে আগামী ৯ সেপ্টেম্বর। এবারের নির্বাচনে ছাত্রশিবিরের প্যানেলে ভিপি পদে সাদিক কায়েম এবং জিএস পদে এস এম ফরহাদ লড়ছেন।

আর 'অপরাজেয় ৭১-অদম্য ২৪' নামে প্যানেলে ভিপি পদপ্রার্থী হয়েছেন মো. নাইম হাসান হৃদয়। জিএস পদে লড়ছেন এনামুল হাসান অনয়।

এ প্যানেল বাংলাদেশ ছাত্র ইউনিয়নের একাংশ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএলের (বাংলাদেশ জাসদের ছাত্র সংগঠন) সমন্বয় করা হয়েছে।