Published : 15 Jun 2026, 02:22 PM
নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য হান্নান মাসউদ তার নির্বাচনী হলফনামায় ‘মিথ্যা’ তথ্য দিয়েছেন বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা রাশেদ খাঁন।
এই ‘অপরাধে’ হান্নান মাসউদের এমপি পদ বাতিল হবে কি না সেই প্রশ্নও তুলেছেন রাশেদ।
সোমবার নিজের ফেইসবুক অ্যাকাউন্টে এক পোস্টে রাশেদ বলেন, “সম্প্রতি একটি টেলিভিশন টকশোতে অংশ নিয়ে হলফনামায় অসত্য তথ্য উল্লেখ করার বিষয়টি স্বীকার করেছেন হাতিয়ার এমপি হান্নান মাসউদ।
“ভবিষ্যতে ব্যবসাবাণিজ্য ও আয়কর রিটার্ন দিতে সুবিধা হবে বলে অসত্য তথ্যের ভিত্তিতে হলফনামা হান্নান মাসউদকে তার আইনজীবী করার পরামর্শ দিয়েছেন বলে মাসউদ জানিয়েছেন। যদিও তিনি দাবি করেছেন, তার স্থাবর সম্পদ নাই। তার মানে তার হলফনামায় দেওয়া তথ্য সম্পূর্ণ মিথ্যা।”
হলফনামায় মিথ্যা তথ্যের বিষয়ে ২০২৫ সালের ১১ অগাস্ট নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহর দেওয়া একটি বক্তব্য ফেইসবুক পোস্টে উদ্ধৃত করেছেন নির্বাচনের আগে গণ অধিকার পরিষ;রে সাধারণ সম্পাদকের পদ ছেড়ে বিএনপিতে যোগ দেওয়া রাশেদ।
সেখানে বলা হয়, “কোনো প্রার্থী হলফনামায় মিথ্যা তথ্য দিলে ভোটের পরেও তদন্ত করবে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে সত্যতা মিললে বাতিল হবে প্রার্থিতা, চলে যাবে সংসদ সদস্য (এমপি) পদ। এটি সুনির্দিষ্টভাবে বিধান আরপিওতে সন্নিবেশ করা হয়েছে।”
নিজের দেওয়া তথ্যের সত্যতা দাবি করে রাশেদ বলেন, “আমি হান্নান মাসউদ সম্পর্কে অতীতে যেসব তথ্য দিয়েছি, তা সত্য না কি মিথ্যা, তা হান্নান মাসউদের হলফনামায় দেওয়া তথ্য বিশ্লেষণ করলেও উত্তর পাওয়া যায়।
“কিছুদিন আগে হান্নান মাসউদ দাবি করেছেন, সে তার সহধর্মিণীর সেমিস্টার ফি দিয়েছে মাহবুব ভাই নামক একজনের থেকে ধার করে। আর নতুন বাড়ি করার জন্য ইট কিনেছে, কিন্তু ৩ লাখ টাকা এখনো বাকি! টাকার অভাবে শোধ করতে পারছেন না! একজন এমপি এতো গরীব, এতো সৎ! আহারে। হলফনামায় এই সততা কেন ফুটিয়ে তুললেন না তিনি?”
রাশেদ খাঁনের এই অভিযোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসউদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফেইসবুকে ওই পোস্ট তিনি দেখেননি; না দেখে কোনো মন্তব্য করতে চান না।