হেঁটে একুশে পদক বিতরণ অনুষ্ঠানে গেলেন প্রধানমন্ত্রী
মিলনায়তনের মঞ্চে ওঠার পর তার জন্য নির্ধারিত ‘রাজকীয়’ চেয়ারটিতেও বসেননি তিনি।
সচিবালয় থেকে হেঁটে পাশের ওসমানী স্মৃতি মিলনায়তনে একুশে পদক বিতরণের অনুষ্ঠানে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার সকালে এ অনুষ্ঠান শেষে সচিবালয়ের নিজের দফতরে ফিরেছেনও হেঁটেই।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য দিয়ে বলেন, প্রধানমন্ত্রী সকাল ৯টা ৪ মিনিটে সচিবালয়ে নিজের দফতরে এসে সাড়ে ৯টায় মন্ত্রিসভার বৈঠকে যোগ দেন।
সচিবালয়ে এটি ছিল মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক।
এরপর ১০টা ৪০ মিনিটে সচিবালয়ের ৫ নং গেইট দিয়ে হেঁটে সচিবালয়ের অপর পাশে ওসমানী স্মৃতি মিলনায়তনে একুশে পদক প্রদানের অনুষ্ঠানে যান।
মিলনায়তনের মঞ্চে ওঠার পর তার জন্য নির্ধারিত ‘রাজকীয়’ চেয়ারটি দেখে তা বদলে দিতে বলেন প্রধানমন্ত্রী। পরে সাধারণ একটি চেয়ার আনা হলে তাতে বসেন তিনি।
এদিন বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে একুশে পদক দেওয়া হয় ৯ জন বিশিষ্ট নাগরিক এবং একটি ব্যান্ড দলকে।
প্রধানমন্ত্রী অনুষ্ঠানে পুরস্কারজয়ী এবং তাদের প্রতিনিধিদের হাতে পদক তুলে দেন।
ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, শিল্পকলা, সাংবাদিকতা, সাহিত্য, শিক্ষা, অর্থনীতিসহ নানা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য একুশে পদক দেওয়া হয়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় গত ৫ ফেব্রুযারি এবারের একুশে পদকের জন্য মনোনীতদের নাম ঘোষণা করে।
শিল্পকলার চলচিত্র অঙ্গনে ফরিদা আখতার ববিতা, চারুকলা অঙ্গনে অধ্যাপক ড. আবদুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাসসুম, নৃ্ত্যে অর্থি আহমেদ, পালা গানে ইসলাম উদ্দিন পালাকার, ভাস্কর্যে তেজস হালদার যশ এবার একুশে পদক পেয়েছেন।
সংগীতে মরণোত্তর একুশে পদক পেয়েছেন আইয়ুব বাচ্চু। তার পক্ষে পদক নেন তার স্ত্রী ফেরদৌস আক্তার চন্দনা।
ব্যান্ড দল ওয়ারফেজ এবছর একুশে পদক পেয়েছে। দলটির প্রধান শেখ মনিরুল আলম পদক গ্রহণ করেন।
সাংবাদিকতায় একুশে পদক পেয়েছেন শফিক রেহমান এবং শিক্ষায় অধ্যাপক ড. মাহবুবুল আলম মজুমদার।
