সংসদকে শক্তিশালী করতে সহায়তা দেবে ইইউ: খসরু
‘‘আগামী দিনে নির্বাচিত সরকারের উন্নয়নে সহযোগী হতে চায় তারা।”
আগামীতে শক্তিশালী জাতীয় সংসদ গড়ে তোলার ক্ষেত্রে সহযোগিতা করতে ইউরোপীয় ইউনিয়নের আশ্বাস দেওয়ার কথা বলেছেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বৃহস্পতিবার সকালে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার সাক্ষাৎ করার পর বিফ্রিংয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য একথা বলেন।
তিনি বলেন, তারা বাংলাদেশে একটি শক্তিশালী জাতীয় সংসদ চায়। ‘ক্যাপাসিটি বিল্ডিংয়ের’ জন্য একটা সচিবালয় থাকবে যাতে সংসদের কার্যক্রম ভালোভাবে চলে। কারণ সংসদ তো সব জবাবদিহিতার স্থান। সংসদীয় গণতন্ত্রে সব জবাবদিহিতা থাকে।
“আমরা যে এত সংস্কারের কথা বলছি আসলে সংসদীয় ব্যবস্থার মধ্যে সব কিছু আছে। বিগত দিনের এই সংসদে কাজ হয় নাই এজন্য দোষারোপ করতে হবে (আগের সরকারকে)। কিন্তু পদ্ধতির মধ্যে জবাবদিহিতা আছে, চেক অ্যান্ড ব্যালেন্স আছে। সেটাকে তারা (ইইউ) কার্যকর করে যাতে চেক অ্যান্ড ব্যালেন্সটা পার্লামেন্টের মধ্যে থাকে আগামী দিনে।”
এক ঘণ্টার এ বৈঠকে বাংলাদেশের নির্বাচন, উন্নয়ন, বিনিয়োগসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে তুলে ধরেন আমীর খসরু। বৈঠকে বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।
ব্রিফিঙে খসরু বলেন, ‘‘আগামী দিনে নির্বাচিত সরকারের উন্নয়নে সহযোগী হতে চায় তারা। শুধু অনুদান এবং ঋণ প্রদানের বাইরেও তারা অন্যভাবে অর্থায়নের চিন্তা করছে।
‘‘নতুন নতুন খাতে অর্থায়নের অনেক চিন্তা তাদের আছে। বাংলাদেশে গ্রিন বন্ড ইস্যুর মাধ্যমে অর্থায়নে যে অনেকগুলো দিক আছে যেটা আমরা বিগত দিনে করতে পারি নাই। সেগুলো আগামী সরকার এলে তারা করতে চাচ্ছে, সহযোগিতা করতে চাচ্ছে এবং আমাদের উন্নয়ন কর্মকাণ্ডে তারা অংশীদার হতে চায়। এটা খুবই ভালো লক্ষণ যে সাধারণ ঋণ এবং অনুদানের বাইরে গিয়ে তারা একটা নতুন পথ উন্মুক্ত করছে বাংলাদেশ সরকারকে এবং আমাদের বেসরকারি খাতকে সহযোগিতা করার জন্য। তারা খুবই আগ্রাহী আগামী দিনের উন্নয়নের জন্য।”
তিনি বলেন, ‘‘আমরাও ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা আশা করি। বিএনপির কর্মসূচির সাথে তাদের চিন্তাভাবনা বহুলাংশে মিল আছে। এটাতে তারা সন্তোষ প্রকাশ করেছে।”
আমীর খসরু বলেন, ‘‘আজকের বৈঠকে রাষ্ট্রদূত অবশ্যই সবার আগে নির্বাচন নিয়ে আলোচনা করেছেন। নির্বাচন ফেব্রুয়ারিতে হতে যাচ্ছে এজন্য সবার তো একটা স্বস্তি আছে, সন্তুষ্টি আছে এবং আশা করছে দ্রুত নির্বাচনের মধ্য দিযে দেশটা গণতান্ত্রিক অর্ডারে ফিরে যাবে।”
তারাও একটি নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করার জন্য অপেক্ষা করছে, যোগ করেন তিনি।
বাংলাদেশে শ্রমিকদের সমস্যা ও তাদের অধিকার নিয়ে আলোচনা হওয়ার কথা তুলে ধরে তিনি বলেন, বিচার বিভাগকে স্বচ্ছতার সঙ্গে পরিচালনা এবং এ বিভাগের জন্য আলাদা সচিবালয় করার বিষয়েও প্রতিনিধি দলের সঙ্গে কথা হয়েছে।
”বিএনপির আমরা নিজেরাই প্রস্তাব দিয়েছি বিচার বিভাগের নিজস্ব সচিবালয় থাকার প্রয়োজনীয়তা আছে। বিচার বিভাগকে যদি স্বাধীনভাবে চলতে দিতে হয় তাদের নিজস্ব সচিবালয় থাকা দরকার। এই বিষয়টা তারা সমর্থন করে এবং তারা এই ব্যাপারে অর্থায়ন করতেও রাজি আছে “
