যাদের একাত্তরে অবদান আছে, চব্বিশে আছে, সবার সঙ্গে বসুন: জামায়াত আমির
“খোলামনে সবাইকে নিয়ে বসেন। আমরা প্রস্তুত সব দিকে সহযোগিতা করতে,” বলেন শফিকুর রহমান।
দেশের মানুষ ‘কঠিন সময়’ পার করছে মন্তব্য করে এ থেকে মুক্তি পেতে সব দলের সঙ্গে সরকারকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
কোনো দলের নাম উচ্চারণ না করলেও সংসদের বাইরে থাকা দলগুলোকেও আলোচনায় রাখার প্রস্তাব করেন জামায়াত আমির।
তিনি বলেন, “জাতীয় জীবনে কঠিন সময় এসেছে। উদারতা দেখিয়ে…আমাদের ডেপুটি স্পিকার লাগবে না, উদার হয়ে জাতীয় সমস্যায় এক জায়গায় বসেন।
“সংসদের ভেতরে এটা হবে না; সংসদে সব দল নেই। এই দেশে অন্য যেসব দল আছে, যাদের মুক্তিযুদ্ধে অবদান আছে, যাদের চব্বিশে অবদান আছে, তাদের নিয়ে বসেন, কথা বলেন। সিদ্ধান্ত তো আপনারাই নেবেন।”
বুধবার সন্ধ্যায় ঢাকার একটি মিলনায়তনে স্বাধীনতা দিবসের এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
জামায়াত আমির বলেন, “পারস্পারিক হানাহানির রাজনীতি বন্ধ হোক। নিজ দলের মানুষও খুন হচ্ছে। ফ্যাসিবাদ বিদায় নিল কোথায়! ফ্যাসিবাদ গর্তের মধ্যে আত্মগোপনে ছিল! এই ফ্যাসিবাদ আবার মাথা তুলে দাঁড়াচ্ছে। তবে ফ্যাসিবাদ দেশবাসী রুখে দেবে।”
জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের এ আলোচনা সভায় শফিকুর রহমান বলেন, “সারা বিশ্বে এখন জ্বালানি সংকট, কিন্তু সরকারের এক মন্ত্রী বলেছেন, আমরা জ্বালানিতে সমৃদ্ধ। কোনো কিছুর অভাব নাই।
“তাহলে পাম্পের সামনে সারি সারি লাইন কেন। তেলের অভাব নাই, তো এত লাইন কেন? আজও কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে আমার কথা হয়েছে। তারাও বলেছেন, ইন্ড্রাস্ট্রি যদি না চলে, দেশ চলবে কীভাবে?”
জামায়াত আমিরের ভাষ্য, “পরিস্থিতি সৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে বলেছিলাম, বিকল্প ব্যবস্থা নিন। আজ বলব, খোলামনে সবাইকে নিয়ে বসেন। আমরা প্রস্তুত সব দিকে সহযোগিতা করতে। যতটুকু সম্ভব সহযোগিতা করব।
“আজও অনেক দেশের প্রতিনিধির সঙ্গে কথা বলেছি। তারাও সহযোগিতা করতে প্রস্তুত। আমরা যদি সরকারের ব্যর্থতা চাইতাম, তাহলে সড়কে নেমে আগুন জ্বালাইতাম।”
জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত এ সভায় প্রধান বক্তা ছিলেন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান অলি আহমেদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জামায়াতে যোগ দেওয়া সাবেক বিএনপি নেতা আখতারুজ্জামান।
তিনি বলেন, “বিজয়ী পরিবর্তন হয়। যখনই নতুন বিজয়ী আসে, ইতিহাস নতুন করে লিখতে চায়। জনগণকে তারা প্রত্যাখ্যান করে, জনগণের অধিকারকে অস্বীকার করে।
“আজ যারা বিজয়ী, তারা পাঁচ অগাস্টকে অস্বীকার করতে চায়; জুলাইয়ে চেতনা অস্বীকার করতে চায়। বিজয়ী ইতিহাস যদি পরিবর্তন আনা হয়, তাহলে কিন্তু বাংলার মানুষ বসে থাকবে না।”
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আব্দুস সবুর ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, সাইফুল আলম খান মিলন, লেফটেন্যান্ট কর্নেল (অব) হাসিনুর রহমান ও শফিকুল ইসলাম মাসুদ ও কামাল হোসাইন বক্তব্য দেন।
জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে জামায়াত আমির বলেন, “সরকারকে সঠিক পথে হাঁটতে হবে। ২৯ তারিখ অধিবেশন বসবে।
“নোটিসের অপেক্ষা না করে অধিবেশন শুরুর সঙ্গে সঙ্গে সাথে ঘোষণা দিন, জুলাই সনদ বাস্তবায়ন করবেন। খোলামন নিয়ে বাস্তবায়ন করবেন।”
জামায়াত আমির বলেন, “আমরা প্রথমেই রাজপথ চাই না। আমরা চাই সব কিছুর আলোচনা হোক মহান সংসদে।”
