না শোনে, না দেখে; খালি বলে কিছুই হয়নি: প্রধানমন্ত্রী
বর্তমান সঙ্কটে সংযমের আহ্বান জানিয়ে সরকারপ্রধান বলেছেন, “আমি নিজেই কিন্তু গণভবনে সব বাতি জ্বালাই না, আমরা সেখানে কিন্তু সাশ্রয় করি।”
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোন কাজে কী সুফল আসবে, সেই বিবেচনা করেই তার সরকার সব প্রকল্প নেয়, ‘কমিশন খাওয়ার’ জন্য নয়।
তারপরও যারা ‘সরকার কিছু করেনি’ বলে শোর তোলেন, তাদের ‘অসত্য তথ্য দিয়ে’ মানুষকে বিভ্রান্ত না করার আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার রাতে জাতীয় সংসদে মহামারী, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ সাম্প্রতিক সঙ্কটে সরকারের নেওয়া পদক্ষেপ জাতিকে জানাতে আনা সাধারণ প্রস্তাবের ওপর আলোচনায় কথা বলছিলেন সরকারপ্রধান।
সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু কার্যপ্রণালী বিধির ১৪৭ বিধির আওতায় প্রস্তাবটি সংসদে তোলেন।
দেশের সার্বিক উন্নয়নে আওয়ামী লীগ সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে শেখ হাসিনা সংসদে বলেন, “আসলে কেউ না কানে শোনে, না চোখ মেলে দেখে। যার জন্য খালি মনে করে কিছুই হয়নি, কিছুই হয়নি। এটাই হচ্ছে দুর্ভাগ্যের বিষয়।
“যাই হোক, আমি এইটুকু বলতে চাই যে ইতোমধ্যে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের নজরদারি আছে।”
পদ্মা সেতু নির্মাণের ফলে কি ‘রিটার্ন’ আসবে- এমন এক প্রশ্নের উত্তরে সংসদ নেতা শেখ হাসিনা বলেন, “আমি এখানে একটা কথা বলতে পারি, আমরা এই পর্যন্ত যত প্রজেক্ট নিয়েছি…. কোন প্রজেক্টে আমাদের রিটার্ন আসবে, আমরা কিন্তু সেটার উপর আগে নজর দিই।
“আমরা একটা বিশাল প্রস্তাব পেলাম, আর ওখান থেকে মোটা কমিশন খাব, সেজন্য প্রজেক্টটা নিলাম- সেটা কিন্তু আমরা করি না, করি নাই। এটা কিন্তু জিয়ার আমলে করা হয়েছে, জেনারেল এরশাদের আমলে করা হয়েছে, খালেদা জিয়ার আমলে করা হয়েছে। এর বহু প্রমাণ আমাদের আছে।”
আওয়ামী লীগ সরকারের সময়ে দুর্নীতি হচ্ছে বলে যারা অভিযোগ তোলেন, তাদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, “আজকে দুর্নীতির কথা যারা বলেন, এই দুর্নীতির কারণেই তো সিদ্ধিরগঞ্জ পাওয়ার প্ল্যান্টের টাকা বন্ধ করে দিয়েছিল ওয়ার্ল্ড ব্যাংক। ময়মনসিংহ রোডের টাকা বন্ধ করে দিয়েছিল।
“যখন আমাদের উপর যেসব... আমি যখন প্রমাণ চেয়েছিলাম, প্রমাণের কাগজ যখন এনে দেয়, তখন আমি দেখালাম এটা তো আমার না। এটা তো বিএনপি সরকারের। আমাদের দিচ্ছেন কেন?”
নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের কথা তুলে ধরে সরকারপ্রধান বলেন, ২৬ জুন থেকে ২৫ অগাস্ট পর্যন্ত ৬০ দিনে পদ্মা সেতুতে টোল বাবদ মোট ১৩৮ কোটি ৮৪ লাখ ৩ হাজার ৮৫০ টাকা আদায় হয়েছে।
“পদ্মা সেতু নির্মাণের ফলে দক্ষিণ অঞ্চলের উৎপাদিত পণ্য খুব সহজে বাজারে চলে আসছে এবং ওই অঞ্চলের মানুষের কর্মসংস্থান বাড়ছে। যোগাযোগ ব্যবস্থার ফলে মানুষের ভাগ্য পরিবর্তন হচ্ছে।”
প্রতি ঘরে বিদ্যুৎ দেওয়ার প্রতিশ্রুতিও ‘পূরণ করা হয়েছে’ মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, “দুর্ভাগ্য যে আজকে করোনা এবং তারপরে এই ইউক্রেইনের যুদ্ধ। ইউক্রেইন রাশিয়া যুদ্ধ এবং স্যাংশনের কারণে আজকে আমাদেরকে বিপদে পড়তে হয়েছে। আর আমরা না, উন্নত দেশগুলোও বিপদে, তারাই যেখানে সাশ্রয়ী হচ্ছে…, তারা বিদ্যুৎ সীমিত করছে।”
মহামারীর ক্ষতি পুষিয়ে উঠতে না উঠতেই ইউক্রেন যুদ্ধ এবং পাল্টাপাল্টি নিষেধাজ্ঞার মধ্যে বিশ্বের বিভিন্ন দেশের অর্থনৈতিক দুরাবস্থার কথা তুলে ধরার পাশপাশি বাংলাদেশের পরিস্থিতি বর্ণনা করে আওয়ামী লীগ সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা সংসদে বলেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, “হ্যাঁ, চালের দাম বা এগুলো বাড়ায় মানুষের কষ্ট হচ্ছে, সেটা আমি উপলব্ধি করি। আমি নিজেই কিন্তু গণভবনে সব বাতি জ্বালাই না, আমরা সেখানে কিন্তু সাশ্রয় করি। প্রাইম মিনিস্টার অফিসে আমরা সাশ্রয় করি। এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার বদলে ভিডিও কনফারেন্সের মাধ্যমেই অনেক কাজ আমরা করি। কাজেই, সেইভাবেই কিন্তু আমরা এই ব্যবস্থা নিচ্ছি।”
টানা তৃতীয় মেয়াদে বাংলাদেশ সরকারের নেতৃত্ব দিয়ে চলা শেখ হাসিনা বলেন, “আমি এইটুকু বলব যে দেশের মানুষের কল্যাণটাই আমাদের কাছে সব থেকে বড়। মানুষের কষ্ট হলে অন্তত আমার মনে ব্যথা লাগে, কারণ আমার বাবা তো এদেশের মানুষের জন্যই তার জীবনটা উৎসর্গ করেছেন।
“কাজেই আমি আপনাদের সকলের সহযোগিতা চাই। খালি কতগুলো অসত্য তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করবেন না। এটাই আমার কথা।”
আলোচনা শেষে প্রস্তাবটি সংসদে সর্বসম্মতিক্রমে গ্রহণ করা হয়।
