১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জোটভুক্ত দলের প্রতীক ব্যবহারের সুযোগ বহাল রাখার দাবি লেবার পার্টির

“২০০৮ সালের নির্বাচনের মত জোটভুক্ত নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে জোটের যে কোনো দলের প্রতীক ব্যবহারের সুযোগ দিতে হবে।”

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2025, 04:21 PM

Updated : 26 Aug 2026, 02:35 PM

জোট মনোনীত প্রার্থীদের প্রতীকের বিষয়ে ২০০৮ সালের নিয়ম বহাল রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ লেবার পার্টি।

দলটির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, “২০০৮ সালের নির্বাচনের মত জোটভুক্ত নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে জোটের যে কোনো দলের প্রতীক ব্যবহারের সুযোগ দিতে হবে। এটি রাজনৈতিক বাস্তবতা, গণতান্ত্রিক অধিকার ও বহুদলীয় গণতন্ত্র রক্ষার জন্য অত্যন্ত জরুরি।”

সোমবার দুপুরে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সাথে সাক্ষাৎ করে আরপিও সংশোধন সংক্রান্ত লিখিত প্রস্তাব হস্তান্তরের পর এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ দাবি জানান। 

ইরান বলেন, "নির্বাচন কমিশনের প্রস্তাবিত আরপিও সংশোধনে জোটভুক্ত দলগুলোর প্রতীক ব্যবহারের সীমাবদ্ধতা আরোপের উদ্যোগ গণতান্ত্রিক ঐক্য ও রাজনৈতিক অংশগ্রহণের চেতনার পরিপন্থি।

“২০০৮ সালের নির্বাচনে নিবন্ধিত দলগুলো জোটবদ্ধ হয়ে ঐক্যবদ্ধভাবে প্রতীক ব্যবহার করেছিল, যা ভোটারদের কাছে পরিষ্কার বার্তা দেয় এবং জোটের ঐক্যকে শক্তিশালী করে।"

এতদিন নিবন্ধিত দলের জোটের প্রার্থীরা যে কোনো প্রতীকে ভোট করতে পারতেন। প্রধান দলগুলোর প্রতীক জোটভুক্ত ছোট দলের কয়েকজন প্রার্থীর ব্যবহারের সুযোগ ছিল এবং অতীতে তারা জিতেও এসেছেন।

কিন্তু ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) যে সংশোধনী আনা হয়েছে, তাতে জোটভুক্ত হলেও মনোনীত প্রার্থীকে তার দলের প্রতীকে ভোট করতে হবে।

আরপিও সংশোধনের আগে সব নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ আয়োজন করে মতামত গ্রহণ এবং ‘রাজনৈতিক স্বাধীনতা ও জোটের ঐক্যের ধারাবাহিকতা’ রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন লেবার পার্টির নেতা ইরান। 

পার্টির ভাইস চেয়ারম্যান হিন্দুরত্ম রামকৃষ্ণ সাহা, ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, যুগ্ম মহাসচিব মো. হেলাল উদ্দিন চৌধুরী ও দপ্তর সম্পাদক মো. মিরাজ খান এ সময় উপস্থিত ছিলেন।

পুরনো খবর

আরপিও: জোট প্রার্থীর মার্কা নিয়ে সরব তিন দল, ইসি নীরব