সিঙ্গাপুরে হাদির অবস্থা ‘স্থিতিশীল’
হাদির সবশেষ শারীরিক অবস্থার খবর তার ভাইয়ের বরাতে দিয়েছে ইনকিলাব মঞ্চ।
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির আরেকটি অস্ত্রোপচারের প্রয়োজন হলেও তার শারীরিক অবস্থা সেটির উপযোগী হয়ে ওঠেনি বলে সিঙ্গাপুরে অবস্থানরত তার ভাইয়ের তরফে জানানো হয়েছে।
সংকটজনক অবস্থায় সিঙ্গাপুরে চিকিৎসারত হাদির সবশেষ শারীরিক অবস্থার খবর মঙ্গলবার বিকালে তার ভাইয়ের বরাতে দেয় ইনকিলাব মঞ্চ।
সংগঠনটির ফেইসবুক পেইজে এখন হাদির অব্স্থা স্থিতিশীল বলে তুলে ধরা হয়। বলা হয়, সিঙ্গাপুরে নেওয়ার পর প্রাথমিক পরীক্ষা নিরীক্ষার পর তার শারীরিক অবস্থার কিছুটা অবনতি হলেও এখন তা স্থিতিশীল অবস্থায় এসেছে।
এ বিষয়ক পোস্টে বলা হয়, “আরেকটি অপারেশনের প্রয়োজন তবে সেটি করার মতো শারীরিক পরিস্থিতি এখনো তৈরি হয়নি।”
উন্নত চিকিৎসার জন্য হাদিকে সোমবার দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়। তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সেখানে তার সবশেষ অবস্থা কেমন- জানতে চাইলে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সংগঠনের ফেইসবুক পেইজে বিস্তারিত আপডেট জানিয়ে দেওয়া হবে।
জুলাই অভ্যুত্থান এবং আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের মধ্য দিয়ে পরিচিতি পাওয়া হাদি ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। গত শুক্রবার গণসংযোগের জন্য বিজয়নগর এলাকায় গিয়ে তিনি আক্রান্ত হন।
চলন্ত রিকশায় থাকা হাদিকে গুলি করেন চলন্ত মোটরসাইকেলের পেছনে বসে থাকা আততায়ী। গুলিটি লাগে হাদির মাথায়।
গুরুতর আহত হাদিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে অস্ত্রোপচার করার পর রাতেই তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা ‘অত্যন্ত আশঙ্কাজনক’ বলে চিকিৎসকরা জানিয়েছেন।
