Published : 01 Sep 2025, 03:45 PM
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার রাজধানীতে যে শোভাযাত্রা কর্মসূচি ছিল তা বাতিল করা হয়েছে।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সোমবার এক ভিডিও বার্তায় বলেন, “আমরা আমাদের কর্মসূচির মধ্যে কিছুটা পরিবর্তন নিয়ে এসেছি বিশেষ করে ঢাকায়। আপনারা জানেন যে, আগামীকাল (মঙ্গলবার) আমাদের র্যালি কর্মসূচি রয়েছে, সেই র্যালি কর্মসূচিটি আমরা বাতিল করেছি।
“আমরা র্যালি কর্মসূচি বাতিল করেছি এই কারণে যে- একটা র্যালি অনুষ্ঠিত হলে গোটা শহর স্তব্ধ হয়ে যায়। এতে মানুষের প্রচণ্ড দুর্ভোগ হয়, যানজট সৃষ্টি হয়। এই জনদুর্ভোগের কথা চিন্তা করেই আগামীকালের র্যালি কর্মসূচি বাদ দিয়েছি।”
এর বদলে খাল-নর্দমা পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি পালন করা হবে বলে জানান তিনি।
রিজভী বলেন, “এর পরিবর্তে আগামীকাল (মঙ্গলবার) ঢাকা উত্তর এবং দক্ষিণ বিএনপি- দুই এলাকায় যে সমস্ত খাল-ড্রেন-নর্দমা রয়েছে; সেটা পরিষ্কার-পরিচ্ছন্ন করার অভিযানে তারা নামবে। ঢাকা মহানগর উত্তর দক্ষিণ এবং অন্যান্য অঙ্গ সংগঠন তাদের সাথে থাকবে।
“মহানগরের দুই এলাকায় যে সমস্ত খাল এবং নদী অথবা ড্রেন-নর্দমা যেগুলো রয়েছে, সেটা পরিষ্কার করার জন্য তারা ব্লিচিং পাউডারসহ পরিষ্কার করার জন্য যা যা লাগে, তারা সেই কর্মসূচি পালন করবে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে, নিজেরাই। কর্মীরাই এই কাজ করবে, কাউকে ভাড়া করে নিয়ে এসে করা হবে না।”
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠা করেন।
রোববার রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভার মধ্য দিয়ে দলের প্রতিষ্ঠাবার্ষিকীর ছয়দিনের কর্মসূচি শুরু হয়েছে। সোমবার সারাদেশে বিএনপি কার্যালয়ে পতাকা উত্তোলনের পাশাপাশি দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে থেকে শোভাযাত্রা বের করার কথা ছিল। তার বদলে এখন খাল পরিষ্কার কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার সারাদেশে উপজেলা ও পৌর এলাকায় আলোচনা সভা ও শোভাযাত্রা কর্মসূচি পালন করা হবে। আগামী ৪ সেপ্টেম্বর সারাদেশে মহানগর, জেলা-উপজেলায় বৃক্ষরোপণ, মৎস্য অবমুক্তকরণ, ফ্রি মেডিকেল ক্যাম্প, ক্রীড়া অনুষ্ঠান এবং পরদিন ঢাকায় গোলটেবিল আলোচনা অনুষ্ঠান কর্মসূচি রয়েছে।