সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে সময় কাটালেন জুবাইদা
সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের ক্লাস রুমে গিয়ে তাদের সাথে কথা বলেন এবং বিষয়ভিত্তিক বিভিন্ন কাজ সম্পর্কে ধারণা নেন তিনি।
সুবিধাবঞ্চিত শিশু নারীদের অধিকার প্রতিষ্ঠায় মা সৈয়দা ইকবাল মান্দ বানুর সংগঠন ‘সুরভি’ পরিদর্শন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান।
মঙ্গলবার দুপুরে জুবাইদা রহমান ধানমন্ডির ‘সুরভি’ কার্যালয়ে আসেন। তিনি সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের ক্লাস রুমে গিয়ে তাদের সাথে কথা বলেন এবং বিষয়ভিত্তিক বিভিন্ন কাজ সম্পর্কে ধারণা নেন।
এরপর ‘সুরভি’র কর্মকাণ্ডের আলোকচিত্র, ছবি এবং মা ইকবাল মান্দ বানুর আঁকা চিত্রকর্ম দেখেন জুবাইদা।
এর আগে সুরভি কার্যালয়ে এসে পৌঁছলে সংগঠনটির নির্বাহী পরিচালক মো. আবু তাহেরসহ শিক্ষক-কর্মচারীরা তাকে ফুল দিয়ে স্বাগত জানান।
১৯৭৯ সালে সৈয়দা ইকবাল মান্দ বানু সমাজের অবহেলিত এবং সুবিধা বঞ্চিত শিশু ও নারীদের অধিকার প্রতিষ্ঠায় ‘সুরভি’ চালু করেন।
সংগঠনটি বৃত্তিমূলক প্রশিক্ষণ, প্রাথমিক স্বাস্থ্য শিক্ষা ও সেবা, সামাজিক সচেতনতাসহ বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করেছে।
জনকল্যাণমূলক কাজের জন্য ১৯৯৫ সালে স্বাধীনতা পদকও পেয়েছেন সৈয়দা ইকবাল মান্দ বানু।
১৭ বছর পর গত ৬ মে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে লন্ডন থেকে দেশে ফেরেন জুবাইদা।
