Published : 23 Sep 2025, 10:12 PM
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) চার দিনব্যাপী ত্রয়োদশ কংগ্রেসে সারা দেশ থেকে আসা প্রতিনিধিদের ভোটে ৪৩ সদস্যের কেন্দ্রীয় কমিটি নির্বাচিত হয়েছে।
বুধবার কেন্দ্রীয় কমিটির সভায় দলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য পদে নেতৃত্ব ঠিক হবে।
‘সমাজ বদলের লক্ষ্যে শোষণ-বৈষম্যবিরোধী বাম গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা কর’-এই স্লোগান ধারণ করে শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে সিপিবির ত্রয়োদশ কংগ্রেসের সূচনা হয়।
এরপর রাজধানীর বিএমএ মিলনায়তনে হয় কাউন্সিল অধিবেশন। সারা দেশ থেকে আসা পাঁচ শতাধিক প্রতিনিধির উপস্থিতিতে কাউন্সিল অধিবেশনে শোক প্রস্তাব, সাধারণ সম্পাদকের রিপোর্ট, রাজনৈতিক প্রস্তাব, গঠনতন্ত্র সংশোধনী প্রস্তাব, ক্রেডেনশিয়াল রিপোর্ট, অডিট কমিটির রিপোর্ট ও কন্ট্রোল কমিশনের রিপোর্ট উত্থাপন এবং তা নিয়ে আলোচনা ও অনুমোদন করা হয়। সব রিপোর্ট উত্থাপন ও অনুমোদন শেষে কেন্দ্রীয় কমিটির নির্বাচন হয়।
সোমবার গভীর রাতে নির্বাচনী ফলাফল ঘোষণার পর সমাপনী ভাষণ ও সমবেত কণ্ঠে কমিউনিস্ট ইন্টারন্যাশনাল গাওয়ার মধ্য দিয়ে ত্রয়োদশ কংগ্রেসের সমাপ্তি ঘোষণা করা হয়।
নির্বাচনী অধিবেশনে আগের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ৪৩ জনের নাম প্রস্তাবের পর অধিবেশন কক্ষ থেকে নতুন বেশকিছু নাম প্রস্তাব করা হয়। তা নিয়ে আলোচনা ও কয়েকজনের নাম প্রত্যাহার শেষে ৭৬ জন ভোটে অংশ নেন।
তাদের মধ্য থেকে প্রতিনিধিদের সরাসরি ভোটে ৪৩ জন নির্বাচিত হন। এই ৪৩ সদস্যের কেন্দ্রীয় কমিটি বসে সভাপতি, সাধারণ সম্পাদক, সভাপতিমণ্ডলীর সদস্য, সম্পাদকমণ্ডলীর সদস্যসহ অন্যান্য পদে দায়িত্ব বণ্টন করবেন। সেক্ষেত্রে কোনো পদে একাধিক নাম এলে ৪৩ জনের ভোটে একজন নির্বাচিত হবেন।
বুধবার সকাল সাড়ে ১০টায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির প্রথম সভা হবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।
কেন্দ্রীয় কমিটির ৪৩ সদস্য
প্রাপ্ত ভোট অনুযায়ী মুজাহিদুল ইসলাম সেলিম, কাজি সাজ্জাদ জহির চন্দন, এস এম শুভ, এমদাদুল হক মিল্লাত, মন্টু ঘোষ, মনোজ দাস, রেবেকা সরেন, মৃণাল চৌধুরী, আব্দুল্লাহ ক্কাফি রতন, নিমাই গাঙ্গুলী, অনিরুদ্ধ দাস অঞ্জন, রাগীব আহসান মুন্না, মনিরা বেগম অনু, জলি তালুকদার, এম এম আকাশ, আবিদ হোসেন, মিহির ঘোষ, দিবালোক সিংহ, সাদেকুর রহমান শামীম, রুহিন হোসেন প্রিন্স, লাকী আক্তার, লক্ষ্মী চক্রবর্তী, মো. কিবরিয়া, মো. শাহ আলম, সুব্রতা রায়, এস এ রশিদ, শাহিন রহমান, লুনা নূর, মানবেন্দ্র দেব, আনোয়ার হোসেন রেজা, মঞ্জুর মঈন, মহসীন রেজা, আহসান হাবিব লাবলু, পরেশ কর, আসলাম খান, আমিনুল ফরিদ, ফজলুর রহমান, এস এম শহিদুল্লাহ সবুজ, সুকান্ত শফি চৌধুরী, সাজেদুল হক রুবেল, রুহুল আমিন, সাজেদুল ইসলাম কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন।